নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় নয়া মোড়। তদন্তে উঠে এসেছে, সেইদিন যেই গাড়িটি চন্দ্রনাথের গাড়ির পথ আটকায় সেই গাড়িটি রাস্তায় ফাস্ট্যাগের মাধ্যমে টোল মেটায়। আর সেই ফাস্ট্যাগই তদন্তকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করল তদন্তকারীদের। ওই ফাস্ট্যাগ অ্যাকাউন্টের সূত্র ধরেই খুনের মামলায় জড়িতদের সম্পর্কে নয়া তথ্য পেল পুলিশ।
গত বুধবার রাতে হাড়হিম করা গুলির ঘটনায় প্রাণ হারান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়াক চন্দ্রনাথ। ওই দিন কলকাতার নিজাম প্যালেস থেকে ফেরার সময় চন্দ্রনাথের গাড়িকে দাঁড় করিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্রনাথের। প্রাথমিক তদন্তে উঠে এসেছে , প্রায় এক সপ্তাহ ধরে চন্দ্রনাথ রথের গতিবিধি অনুসরণ করছিল আততায়ীরা। তার প্রতিদিনের কার্যকলাপের উপর রাখা হয়েছিল নজর। কলকাতা পুলিশ এলাকায় যে সমস্ত রাস্তা দিয়ে চন্দ্রনাথের গাড়ি গিয়েছিল সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চালান হচ্ছে। ইতিমধ্যেই তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা।