সমাজমাধ্যমে জাতিবিদ্বেষী মন্তব্য ছড়িয়ে পড়েছে তাঁর নামে। নজরে আসার পরেই তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। এই ধরনের প্রবণতাকে ‘নীচ, নির্লজ্জ এবং ক্ষতিকর’ আখ্যাও দেন তিনি। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া বিবৃতিতে প্রধান বিচারপতি জানান, এই ভাবে মনগড়া উক্তি তৈরি করে তা বিচারব্যবস্থার সর্বোচ্চ প্রতিষ্ঠানের নামে চালানোর চেষ্টা আসলে আইনের শাসন এবং বিচারবিভাগের উপর মানুষের আস্থাকেই নাড়িয়ে দেয়। প্রধান বিচারপতির কথায়, ‘একটি কাল্পনিক উক্তি তৈরি করে তা বিচারবিভাগের সর্বোচ্চ পদের নামে প্রচার করা চরম অসততা, ইচ্ছাকৃত ভাবে সমাজে উত্তেজনা সৃষ্টি এবং সাংবিধানিক মূল্যবোধের অবমাননার সামিল।’
সম্প্রতি, এক্স হ্যান্ডলে UnreservedMERIT নামে একটি অ্যাকাউন্ট থেকেই একটি পোস্ট করা হয়েছিল। তাতে দাবি করা হয়, প্রধান বিচারপতি কান্ত বলেছেন, ‘কোনও একটি সমাজ থেকে কেউ আইএএস, আইপিএস, প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী হওয়ার পরেও যদি তারা নিজেদের শোষিত হিসেবেই দেখতে চায়, তবে সেই দোষ ব্রাহ্মণদের নয়। বরং ওই সমাজের মানসিকতার।’ হিন্দিতে এই পোস্ট করা হয়েছিল এক্স হ্যান্ডলে। তা-ই নজরে আসে প্রধান বিচারপতির। তার প্রেক্ষিতেই তিনি বিবৃতিতে বলেছেন, ‘যে উক্তি আমার নামে চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বিদ্বেষমূলক এবং অসত্য।’
প্রধান বিচারপতির দপ্তরের তরফে ইতিমধ্যেই বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এ বিষয়ে। এই অসত্য, মনগড়া উক্তি যাতে কোনও ভাবেই গণমাধ্যমে প্রচারিত না হয়, সেই বার্তাই দেওয়া হয়েছে। প্রধান বিচারপতির মত, এই ধরনের প্রবণতা আসলে সমাজে অস্থিরতা তৈরির প্রচেষ্টা। এতে ভবিষ্যতে সাধারণ মানুষ বিচারব্যবস্থার উপরেই আস্থা হারিয়ে ফেলবে।