• তারকেশ্বরে ওসির উপরে হামলায় গ্রেপ্তার তিন
    এই সময় | ১০ মে ২০২৬
  • তারকেশ্বরে ওসির উপরে হামলার ঘটনায় গ্রেপ্তার তিন। হুগলি গ্রামীণের পুলিশ সুপার কুমার সানি রাজ জানিয়েছেন, ভাঙচুর ও পুলিশের উপরে হামলার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি জানান, আহত ওসি চিকিৎসাধীন হলেও এখন তিনি স্থিতিশীল। খুব শীঘ্রই কাজে যোগ দেবেন।

    নির্বাচন মিটতেই ভোট পরবর্তী হিংসার অভিযোগ বাংলায়। বিভিন্ন জায়গায় মারধর, দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর এমনকী খুনের অভিযোগ পর্যন্ত উঠছে। শনিবার সন্ধেয় তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী পূজা সাউয়ের বাড়িতে হামলার অভিযোগ ওঠে। বাড়ি ভাঙচুরও করা হয় বলে অভিযোগ। পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেই সময়ে আক্রান্ত হন তারকেশ্বর থানার ওসি সুব্রত সাধু ও এক এএসআই।

    তৃণমূলের অভিযোগ, বিজেপির মদতে এই হামলা হয়েছে। যদিও তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পানের দাবি, এই ঘটনায় বিজেপির কেউ জড়িত নয়। যারা পুলিশের উপরে হামলা চালিয়েছে, তারা তৃণমূলের মদতপুষ্ট।

  • Link to this news (এই সময়)