বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাস্থলের কাছে মিলল বিস্ফোরক। যে জায়গা থেকে তা পাওয়া গিয়েছে, সেখান থেকে মোদীর সভাস্থল মাত্র ৩ কিলোমিটার। সূত্রের খবর, প্রধানমন্ত্রী তাঁর গন্তব্যে পৌঁছনোর আগে নিরাপত্তার খাতিরে নিয়ম মেনে এলাকায় যে রুটিন তল্লাশি চালানো হয়, সেই তল্লাশিতেই বিস্ফোরকগুলি পাওয়া গিয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার বেঙ্গালুরুর অদূরে মোদীর কিছু কর্মসূচি রয়েছে। সেখানে মোদী পৌঁছনোর আগেই কাগালিপুরার একটি আশ্রমের কাছে ফুটপাত থেকে দু’টি জেলাটিন স্টিক পাওয়া গিয়েছে। সঙ্গে সঙ্গে ওই এলাকা-সহ সভাস্থলের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয় কয়েক গুণ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড এবং ফরেনসিক দল।
বিস্ফোরক উদ্ধার হওয়ার পরেই তদন্তে নেমে এক সন্দেহভাজনকে পাকড়াও করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। সেখানে কী ভাবে ওই বিস্ফোরক পৌঁছল, এর নেপথ্যে কোনও চক্রের ষড়যন্ত্র রয়েছে কি না, সবই তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশের একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম নিউজ ১৮ জানিয়েছে, যে ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে, তিনি রবিবার সকালেই থানায় ফোন করে হ্যাল বিমানবন্দর এবং আর্ট অফ লিভিং সেন্টারের কাছে বিস্ফোরক থাকার খবর দিয়েছিলেন। এর পরেই ওই দুই জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়। হ্যাল বিমানবন্দর থেকে কিছু উদ্ধার না হলেও, পরে মোদীর সভাস্থলের কাছ থেকে মিলল বিস্ফোরক।