গোঘাটে TMC-র পার্টি অফিসের কাছ থেকে উদ্ধার কর্মীর দেহ, BJP-র বিরুদ্ধে খুনের অভিযোগ
আজ তক | ১০ মে ২০২৬
গোঘাটে খুন তৃণমূল কর্মী। রবিবার সকালে ওই ব্যক্তির দেহ তৃণমূলের পার্টি অফিসের পিছন থেকে উদ্ধার হয়। দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি মুগুরও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই মুগুরই খুনে ব্যবহৃত অস্ত্র। পুলিশ দেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত করা হবে।
মৃতের নাম সহদেব বাগ। তিনি গোঘাটের নকুণ্ডার কোটা এলাকার বাসিন্দা। তাঁর স্ত্রী চিনা বাগ স্থানীয় পঞ্চায়েতের সদস্য়া। স্থানীয়দের দাবি, স্ত্রী পঞ্চায়েতের সদস্যা হলেও কাজকর্ম সব দেখাশোনা করতেন সহদেবই। তিনি এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা ছিলেন।
শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন সহদেব। অনেক রাত হয়ে গেলেও তিনি আর ফেরেননি। বাড়ির লোক খোঁজাখুঁজি করলেও পাননি সহদেবকে। এরপর রবিবার সকালে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয় এলাকারই পার্টি অফিসের পিছন থেকে।
পরিবারের অভিযোগ,ভোটের ফল বেরোনোর পর থেকেই সহদেব বাগকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল বিজেপির তরফে। মুগুর দিয়েই তাঁকে খুন করা হয়েছে। মাথায় আঘাত করা হয়েছ।এটা রাজনৈতিক প্রতিহিংসা।
এদিকে সকালে মৃতদেহ উদ্ধারের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভিড় জমে যায়। খুনীদের গ্রেফতারের দাবি ওঠে। গোঘাট থানার পুলিশ আসে সেখানে। তারা দেহ ও খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে নিয়ে যায়।
মৃতের পরিবারের তরফে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করা হলেও তার বিরোধিতা করেছে গেরুয়া শিবির। জানানো হয়েছে, তাদের কেউ এই খুনে জড়িত নয়। বিজেপি খুনের বা হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। পুলিশ তদন্ত করলেই সত্যিটা বেরিয়ে আসবে।