• ‘রাহুল গান্ধীর কাছে হাতজোড় করতে হবে মমতাকে’, কেন বললেন অধীর?
    প্রতিদিন | ১০ মে ২০২৬
  • আগামীদিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধীর কাছে হাতজোড় করে দাঁড়াতে হবে, এই ভবিষ্যৎবাণী করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বঙ্গে বিজেপিকে রুখতে বৃহত্তর বিরোধী মঞ্চ তৈরির ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী বাম ও অতিবামের কাছেও জোটের আহ্বান জানান তিনি। এ প্রসঙ্গে অধীর জানান, “রাজ্যে বামেদের তাড়ানোর সময় নকশালদের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন মমতা। পরে তিনিই কিষানজিকে হত্যা করান। এখন বাঁচাও বাঁচাও বলে সবাইকে ডাকছেন। হুঁকে পড়লে বিড়াল গাছে ওঠে।” এর পাশাপাশি তাঁর ভবিষ্যৎবাণী, রাহুল গান্ধী ও কংগ্রেসের কাছে হাতজোড় করে দাঁড়াতে হবে তৃণমূল নেত্রী মমতাকে।

    শনিবার ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। এদিনই কালীঘাটে বাড়ির সামনে রবীন্দ্রজয়ন্তী উদযাপন করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচি থেকে বঙ্গে বিজেপিকে রুখতে বাম, অতিবাম সহ সব রাজনৈতিক দল, ছাত্র, যুব সংগঠনের কাছে সাহায্যের আর্জি জানান তিনি। দিল্লির পাশাপাশি বাংলাতেও বৃহত্তর বিরোধী মঞ্চ গড়ার ডাক দেন মমতা। তিনি জানান, বিকেল ৪টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত তিনি অফিসে থাকবেন। কেউ যদি এবিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করতে চান তাহলে আসতে পারেন। এই নিয়ে অধীরের কটাক্ষ, বিকেল ৪টে থেকে সন্ধে ৬টার মধ্যে কে কে মমতার সঙ্গে দেখা করতে যাচ্ছেন তা তিনি দেখতে চান।

    এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেছেন অধীর। তিনি জানান, অভিষেকের বাড়ি এখন মিউজিয়ামে পরিণত হয়েছে। মানুষ তাঁর বাড়ি দেখতে যাচ্ছেন। এরপর মমতার বাড়িটাও মিউজিয়ামে পরিণত হবে। অধীন জানান, বিজেপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এসে সেগুলি পালন করতে হবে। না হলে তৃণমূল সরকারের মতো বিজেপি সরকারকেও উৎখাত করবে জনতা।
  • Link to this news (প্রতিদিন)