• এবার রাজ্যের মন্ত্রিসভায় পাড়ার বিট্টু, নিশীথের উত্থানে উচ্ছ্বাসিত প্রতিবেশীরা
    প্রতিদিন | ১০ মে ২০২৬
  • রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ভেটাগুড়ির খারিজা বালাডাঙার বাসিন্দা নিশীথ প্রামাণিক। তাঁকে অবশ্য পাড়া-প্রতিবেশীরা বিট্টু নামে চেনেন। সেই বিট্টু কোন দপ্তরের মন্ত্রী হবেন সেটা এখনও ঠিক না হলেও ক্যাবিনেট মন্ত্রী হিসোবে তাঁর শপথ গ্রহণের পরই যেন উচ্ছ্বাসে ভাসছে কোচবিহার। দিনহাটায় তাঁর গ্রাম থেকে শুরু করে মাথাভাঙা, তাঁর বিধানসভা এলাকা পর্যন্ত মিষ্টি ঝালমুড়ি, বিলি করে উচ্ছ্বাস প্রকাশ করেন কর্মী-সমর্থকরা। কিছু জায়গায় আবার বাজিও পোড়ানো হয়। নতুন দায়িত্বের পর নিশীথ প্রামাণিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি খুবই আনন্দিত। এবার এত বড় দায়িত্ব পেয়েছেন, এখন মানুষের কাজ করার সময়। মানুষ যে তাঁর উপর আস্থা রেখেছেন, তাঁদের প্রত্যাশা পূরণের জন্য আগামী দিনে কাজ করবেন।

    প্রসঙ্গত, ২০১৩ সালে তৃণমূলের হাত ধরে নিশীথের প্রমাণিকের উত্থান। ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খারিজা বালাডাঙ্গা গ্রামের বাসিন্দা নিশীথ ওই বছর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হন। সেখান থেকেই শুরু হয় তাঁর যাত্রা। এরপরই তৎকালীন তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে তাঁর সংঘাত শুরু হয়। ২০১৮ সালের আগে পর্যন্ত নিশীথ নিজেকে যুবনেতা হিসাবে তুলে ধরতে সফল হন। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে তৎকালীন তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে তাঁর সংঘাতের জেরে তৃণমূলের মূল স্রোতের বিরুদ্ধে গিয়ে দিনহাটা এক নম্বর ব্লক জুড়ে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে তাঁদের জয়ী করেন নিশীথ। কয়েকটি গ্রাম পঞ্চায়েত ছাড়াও দিনহাটা এক পঞ্চায়েত সমিতিও দখল নেয় নিশীথ সমর্থক নির্দল। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে রাজ্য নেতৃত্ব এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে নিশীথকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়।

    তবে তৃণমূল থেকে বহিষ্কারের কিছুদিন পরই বিজেপিতে যোগদান করেন নিশীথ। বিজেপি তাঁকে কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী করে। ২০১৯ লোকসভা নির্বাচনে পরেশচন্দ্র অধিকারীকে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন নিশীথ। ২০২১ সালে দিনহাটা কেন্দ্রের নিশীথকে উদয়ন গুহর বিরুদ্ধে প্রার্থী করে বিজেপি। সেই নির্বাচনে উদয়নকে ৫৭ ভোটের ব্যবধানে নিশীথ পরাজিত করেন। যদিও বিজেপি রাজ্যে ক্ষমতায় না আসায় সাংসদ পদ রেখে নিশীথ বিধায়ক পদ ছেড়ে দেন। তারপরই বিজেপি নিশীথকে পুরস্কৃত করে কেন্দ্রে স্বরাষ্ট্র দপ্তরের এবং যুব ও ক্রীড়া দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়। যদিও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার কাছে নিশীথ পরাজিত হন। এবার বিধানসভা নির্বাচনে দিনহাটার পরিবর্তে তিনি মাথাভাঙা থেকে প্রার্থী হয়েছিলেন এবং সেখানে ৫৭ হাজারের বেশি ব্যবধানে জয়ী হয়েছেন।
  • Link to this news (প্রতিদিন)