• সোমে মুখ্যমন্ত্রী শুভেন্দুর হাইভোল্টেজ বৈঠক, নবান্নের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার
    প্রতিদিন | ১০ মে ২০২৬
  • আগামিকাল সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাইভোল্টেজ বৈঠক। নবান্ন সভাগৃহে প্রশাসনিক সভা রয়েছে তাঁর। এই বৈঠক ঘিরে তুমুল তৎপরতা প্রশাসনের অন্দরে। তার আগে আজ, রবিবার নবান্নের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা ও একাধিক কর্তা।

    নবান্ন সূত্রে জানা গিয়েছে, দায়িত্ব নিয়ে প্রথমবার সব জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। বৈঠক রয়েছে প্রতিটি দপ্তরের সচিবদের সঙ্গেও। পুলিশের ডিজি, সিপিদের সঙ্গেও একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বলেও খবর। এই হাইভোল্টেজ সভার আগে রবিবার কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা নবান্ন ও আশপাশের এলাকা পরিদর্শন করলেন। সিপি-র সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের একাধিক কর্তাও। নিরাপত্তার কোনও ফাঁক যেন না থাকে ইতিমধ্যেই তা নিশ্চিত করা হয়েছে।

    গতকাল শনিবার ব্রিগেড ময়দানে বঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই মঞ্চে শপথ নিয়েছেন আরও পাঁচজন মন্ত্রী। দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তবে তাঁরা কোন কোন দপ্তরের দায়িত্ব সামলাবেন তা জানা যায়নি। বাকি মন্ত্রীদেরও শপথ গ্রহণ বাকি। আগামী বুধ ও বৃহস্পতিবার সেই শপথ হবে। তার আগে মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। আগামিকাল মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের দিকে তাকিয়ে রাজ্যবাসী। তিনি কী বার্তা দেন সেই দিকেই তাকিয়ে সকলে।
  • Link to this news (প্রতিদিন)