বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত?
আজকাল | ১১ মে ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দীর্ঘদিনের রাজনৈতিক পালাবদলের পর এবার স্বাভাবিকভাবেই আলোচনা শুরু হয়েছে— মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী কত বেতন ও কী কী সরকারি সুবিধা পাবেন? একইসঙ্গে ১৫ বছর মুখ্যমন্ত্রীর পদে থাকার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি কী সুবিধা পাবেন, তা নিয়েও আগ্রহ তৈরি হয়েছে।
মুখ্যমন্ত্রী হিসেবে কত বেতন পাবেন শুভেন্দু?পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী মাসিক প্রায় ২.১০ লক্ষ টাকার আর্থিক সুবিধা পেতে পারেন। এর মধ্যে রয়েছে মূল বেতন, বিভিন্ন সরকারি ভাতা এবং আতিথেয়তা খরচের ভাতা। মুখ্যমন্ত্রীর সরকারি দায়িত্ব পালনের জন্য আলাদা বিশেষ ভাতাও দেওয়া হয়।
এছাড়াও বিধায়ক হিসেবে তিনি আলাদা ভাতা পাবেন। বিধায়ক তহবিল সংক্রান্ত কাজ এবং নির্বাচনী এলাকার সমস্যা সমাধানের জন্য মাসিক প্রায় ৪৮ হাজার টাকা পর্যন্ত ভাতা মেলে। বিধানসভায় উপস্থিতির জন্য দৈনিক ভাতাও রয়েছে, যা মাসিক হিসেবে উল্লেখযোগ্য অঙ্কে পৌঁছায়।
কী কী সরকারি সুবিধা পান মুখ্যমন্ত্রী?বেতন ছাড়াও মুখ্যমন্ত্রী হিসেবে একাধিক বিশেষ সুবিধা পান রাজ্যের প্রশাসনিক প্রধান। এর মধ্যে রয়েছে সরকারি বাসভবন, সরকারি গাড়ি, ব্যক্তিগত দফতরের কর্মী, টেলিফোন ও ইন্টারনেট বিলের সুবিধা।
নিরাপত্তার দিক থেকেও মুখ্যমন্ত্রীকে দেওয়া হয় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা ব্যবস্থা, সাধারণত Z+ ক্যাটাগরির নিরাপত্তা। পাশাপাশি সরকারি খরচে চিকিৎসা, সরকারি সফরের জন্য ভ্রমণ সুবিধা এবং সরকারি অনুষ্ঠান পরিচালনার জন্য বিশেষ আতিথেয়তা খরচও বরাদ্দ থাকে।
মমতা ব্যানার্জির পেনশন কত হতে পারে?১৫ বছর বাংলার মুখ্যমন্ত্রী থাকার পর এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন মমতা ব্যানার্জি। তবে উল্লেখযোগ্য বিষয় হল, মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি কখনও সরকারি বেতন নেননি বলে একাধিকবার দাবি করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, বই লেখা, ছবি আঁকা এবং গান লেখার রয়্যালটি থেকেই ব্যক্তিগত খরচ চালাতেন তিনি। মমতা ব্যানার্জি ১০০-রও বেশি বই লিখেছেন। সেই বইয়ের রয়্যালটি থেকে বছরে প্রায় ১০ থেকে ১১ লক্ষ টাকা আয় হয় বলে জানা গিয়েছে। এছাড়া ছবি আঁকা এবং গান লেখার মাধ্যমেও তাঁর আয় রয়েছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে কী সুবিধা পাবেন?পশ্চিমবঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রাক্তন সাংসদদের ভাতা নির্ধারিত হয় সংশ্লিষ্ট আইন অনুযায়ী। সেই হিসেবে মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে পেনশন পাবেন। প্রাক্তন সাংসদ হিসেবে তাঁর মাসিক পেনশন প্রায় ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকার মধ্যে হতে পারে বলেই অনুমান। সংসদে কাটানো বছরের ভিত্তিতে এই অঙ্ক বৃদ্ধি পায়।
এছাড়াও প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সরকারি বাসভবন, কর্মী, চিকিৎসা সুবিধা এবং নিরাপত্তা পাবেন। অর্থাৎ প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে একাধিক সরকারি সুযোগ-সুবিধা বজায় থাকবে তাঁর জন্য।