• মমতার আহ্বানে সাড়া? বড় বার্তা লিবারেশনের
    আজকাল | ১১ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: শনিবার কালীঘাটে রবীন্দ্র জয়ন্তী পালনের পর বাম এবং অতি বাম সহ সমস্ত দলকেই বিজেপি বিরোধী আন্দোলনে নামার জন্য একত্রিত হওয়ার বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।

    ঠিক তার পরের দিনই ইঙ্গিতপূর্ণ পোস্ট সিপিআইএম লিবারেশনের। পোস্টে লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের বার্তা তুলে ধরা হয়েছে। লিবারেশনের সাধারণ সম্পাদক এদিন জানিয়েছে, ‘গোটা দেশজুড়ে বিজেপি বিরোধী একটা বড় প্ল্যাটফর্ম রয়েছে, ইন্ডিয়া। সেই জোটে কংগ্রেস, তৃণমূল, বামপন্থীরা সবাই আছে। পশ্চিমবঙ্গে বিজেপির সন্ত্রাস ও হিংসার বিরুদ্ধে আমরা প্রথম দিন থেকেই আন্দোলনে রাস্তায় আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ও রাস্তায় নামুন। রাস্তাতেই সব বিরোধীদের দেখা হবে।’

    এরপরেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। তবে কি মমতার আহ্বানে সাড়া দিয়েই এই পোস্ট করা হয়েছে লিবারেশনের তরফে? রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তো বাম এবং অতি বাম সহ সমস্ত দলকেই আহ্বান জানিয়েছিলেন।

    তবে তৃণমূল নেত্রীর এই ‘একত্রিত’ হওয়ার আহ্বানে অবশ্য বিন্দুমাত্র গলে জল হতে রাজি নয় সিপিএম। বাম মহলে এই প্রস্তাব নিয়ে উল্টে উপহাসের সুর শোনা যাচ্ছে।

    ফলাফল ঘোষণার দিন মমতার করা ‘আমি হারিনি’ মন্তব্যের প্রেক্ষিতে  সিপিইএম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষের সুরে বলেন, ‘উনি নিজে কি আদৌ বিরোধী বলে মনে করছেন? সেটা আমার জানা নেই। উনি তো নিজেই শিওর নন উনি বিরোধী না এখনও শাসক। উনি বিজেপি-বিরোধী লড়াইয়ের বদলে যারা প্রকৃত বিরোধী, তাদের মধ্যে ফাটল ধরাতে অভ্যস্ত। আগে উনি স্থিত হন।’

    একই সুরে আক্রমণ শানিয়েছেন পানিহাটির  সিপিএম প্রার্থী যুব নেতা কলতান দাশগুপ্ত। তিনি সরাসরি মমতাকে আরএসএসের ‘প্রোডাক্ট’ বলে তোপ দাগেন।

    তাঁর কথায়, ‘মমতা ব্যানার্জি কোনওদিন বিজেপি বিরোধী ছিলেন না। ক্ষমতায় এসে উনি নিজেই আরএসএসের শাখা বাড়িয়ে বিজেপির পথ প্রশস্ত করেছেন। সারা দেশে একমাত্র বামেরাই প্রকৃত বিজেপি বিরোধী।’

    প্রসঙ্গত, শনিবার কালীঘাটে রবীন্দ্র জয়ন্তী পালন করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, এই মুহূর্তে তাঁর একমাত্র লক্ষ্য বিজেপিকে আটকানো। মমতা বলেন, ‘ভয় না পেয়ে বাংলার সমস্ত রাজনৈতিক বিরোধী দল যারা আছে, তাদের এক হওয়ার ডাক দিচ্ছি। জোট বাঁধুন, যৌথ মঞ্চ তৈরি হবে। আমার কোনো ইগো নেই। বিজেপিকে রুখতে হলে আমি বামেদেরও ডাক দিচ্ছি।’

    রাজ্যে প্রথম বিজেপি সরকারের শপথের দিনেই সমস্ত বিজেপি-বিরোধী রাজনৈতিক দলকে এক ছাতার তলায় আসার ‘বিস্ফোরক’ ডাক দিলেন তিনি। ‘বাংলার সমস্ত বিজেপি বিরোধী দলের সঙ্গে একজোট হয়ে লড়তে চাই, বামেদেরও স্বাগত’, ইন্ডিয়া জোটের মতো একসঙ্গে এ রাজ্যেও লড়াইয়ের আহ্ববান মমতার।
  • Link to this news (আজকাল)