আজকাল ওয়েবডেস্ক: ঘরের ছেলে বাংলার মসনদে। উচ্ছ্বসিত কাঁথির বাসিন্দারা। কাঁথিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়ি 'শান্তিকুঞ্জ'৷ এই বাড়ির সামনেই রবিবার ব্যাপক জনজোয়ার। 'ব্যারিকেডহীন' শান্তিকুঞ্জ। দেখা গিয়েছে, তাঁর বাড়ির বাইরে নেই কোনও নিরাপত্তার কড়াকড়ি। সাধারণ মানুষের জন্য খোলা তাঁর দরজা। জনগণের মাঝেই এলেন মুখ্যমন্ত্রী।
রবিবার শান্তিকুঞ্জের সামনে উপচে পড়ল ভিড়। যতদূর দেখা যায়, চারিদিকে গিজগিজ করছে মানুষ। শুধুমাত্র রাস্তা নয়, আশেপাশের বাড়ির বারান্দা ছাদ থেকে প্রতিবেশীরা ভিড় জমিয়েছেন মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য। কেউ কেউ ছবি, ভিডিও তুলছেন। এরপর বিকেল নাগাদ নিজের বাড়ি থেকে বাইয়ে বেরোন শুভেন্দু। ৯ এপ্রিল তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রবিবার তিনি বেরিয়ে আসতেই চারিপাশে আরও হৈ হৈ রব। উচ্ছ্বাসে ফেটে পড়ে মানুষ।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকলের সঙ্গে দেখা করে ধীরে ধীরে নিজের গাড়ির দিকে এগোন। তারপর কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।
রবিবার দূরদরান্ত থেকে মানুষ কাঁথিতে শান্তিকুঞ্জের সামনে হাজির হয়েছিলেন। উদ্দেশ্য একটাই। বাংলার নতুন মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখার, শুভেচ্ছাবার্তা ও অভিনন্দনে ভরিয়ে দেওয়া।
জানা গিয়েছে, কলকাতার দমদম থেকে ব্রঞ্জের চিতাবাঘ নিয়ে কাঁথিতে শুভেন্দুর বাড়ির সামনে হাজির হয়েছিলেন এক অনুরাগী। এক মহিলা সমর্থক শঙ্খ নিয়ে এসেছিলেন। মুহুর্মুহু স্লোগান উঠতে থাকে মুখ্যমন্ত্রীকে নিয়ে।