• মুখ্যমন্ত্রীর দপ্তরে যুগ্ম সচিব দুই আইএএস আধিকারিক
    আজকাল | ১১ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠনের পর সোমবার নবান্নে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম দিনই পরপর তিনটি প্রশাসনিক বৈঠক করবেন তিনি। ঠিক তার আগেই প্রশাসনিক রদবদলের ঘোষণা। মুখ্যমন্ত্রীর দপ্তরে একাধিক আধিকারিক নিয়োগ করা হয়েছে। তালিকায় রয়েছেন আইএএস থেকে ডব্লিউবিসিএস অফিসারেরা। এই মর্মে রাজ্যের প্রশাসনিক দপ্তরের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।

    প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিবালয়ে যুগ্ম সচিব পদে নিয়োগ করা হবে দুই আইএএস আধিকারিককে। ২০১৯ সালের আইএএস ব্যাচের পি প্রমথ এবং ২০২০ সালের আইএএস ব্যাচের নবনীত মিত্তল রয়েছেন এই তালিকায়। এর মধ্যে এতদিন এমএসএমই ও টেক্সটাইল দফতরের যুগ্ম সচিব ছিলেন প্রমথ। অন্য দিকে, পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক পদে নিযুক্ত ছিলেন মিত্তল। দু'জনকেই এ বার মুখ্যমন্ত্রীর দপ্তরে দায়িত্বভার দেওয়া হয়েছে।

    এ ছাড়া, সাত জন অভিজ্ঞ ডব্লিউবিসিএস আধিকারিককে মুখ্যমন্ত্রী দফতরের সিনিয়রের ডেপুটি সেক্রেটারি পদে আনা হয়েছে। যাঁদের মধ্যে অনেকেই নন্দীগ্রামের ইআরও এবং আরও ছিলেন। এই তালিকায় রয়েছেন- সম্রাট চক্রবর্তী, অমর্ত্য চক্রবর্তী, অয়ন দত্তগুপ্ত, রাজর্ষি নাথ, সুরজিৎ রায়, প্রমিত দাস এবং দীপ ভাদুড়ি। এঁরা এর আগে রাজ্য সরকারের আবাসন দফতর, মৎস দফতর, ডায়মন্ড হারবার মহকুমা, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ, ভূমি ও ভূমি সংস্কার দফতর, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর জেলায় গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

    প্রসঙ্গত,শনিবারই মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে রাজ্যের বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে। রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পরেই নিজের দফতরকে তরুণ এবং দক্ষ আধিকারিকদের দিয়ে ঢেলে সাজাতে চাইছেন শুভেন্দু অধিকারী।

    উল্লেখ্য, সোমবার নবান্নে তিনটি প্রশাসনিক বৈঠক করবেন নতুন মুখ্যমন্ত্রী। প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে প্রাথমিক একটি পর্যালোচনার জন্য বৈঠক করবেন শুভেন্দু। দুপুরের দিকে জেলাশাসকদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। এর পর বিকেলে রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গেও আরও একটি বৈঠকে যোগ দেবেন তিনি। বৈঠকে উপস্থিত থাকতে পারেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার-সহ রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকেরা।

    সোমবারের বৈঠকের আগে রবিবার নবান্নের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে হাওড়া এবং কলকাতা পুলিশের কর্তারা। এ দিন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ এবং হাওড়ার অখিলেশ চতুর্বেদী নবান্নে পৌঁছে যান। সঙ্গে ছিলেন পুলিশের বেশ কয়েক জন উচ্চপদস্থ আধিকারিকও।
  • Link to this news (আজকাল)