আজকাল ওয়েবডেস্ক: বাংলায় প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী৷ পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কলকাতার বাসভবন বদলাতে চলেছে৷ এর আগে কলকাতা আসলে তাঁর ঠিকানা ছিল চিনার পার্কের ফ্ল্যাট৷ এবার থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থাকবেন আলিপুরের 'সৌজন্য'-তে। তৃণমূল আমলে ভিভিআইপিদের থাকার জন্য মূলত এই 'সৌজন্য' নির্মাণ করা হয়েছিল।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ২০১৮ সালে 'সৌজন্য' উদ্বোধন করেন৷ এই ভবনটি আলিপুরের জাজেস কোর্ট রোডে অবস্থিত। সূত্রে খবর, এ বার থেকে সেখানেই থাকবেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দুর ভিটেবাড়ি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে। সেখানে তাঁর বাড়ির নাম ‘শান্তিকুঞ্জ’। বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যরা ওই বাড়িতেই থাকেন। শুভেন্দু কাঁথিতে গেলে তাঁর ওই বাড়িতেই ওঠেন। এছাড়া রাজনৈতিক বা অন্যান্য কাজের জন্য তাঁর কলকাতায় আসা যাওয়া প্রায়শই লেগেই থাকত৷
খবর অনুযায়ী, এতদিন কলকাতায় আসলে চিনারপার্কের ফ্ল্যাটেই থাকতেন তিনি। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর তাঁর ঠিকানা বদলাতে চলেছে। এবার থেকে তিনি আলিপুরের সৌজন্যতে থাকবেন বলে ঠিক হয়েছে। ইতিমধ্যেই তোরজোর শুরু হয়ে গিয়েছে। সৌজন্যতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর থাকার সব ব্যবস্থা করা হচ্ছে। তবে কবে থেকে এই বাড়িতে মুখ্যমন্ত্রী থাকতে শুরু করবেন তা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সম্পত্তির পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তাঁর মোট সম্পদের পরিমাণ ৮৫.৮৭ লক্ষ টাকা। এর মধ্যে অস্থাবর সম্পত্তি রয়েছে ২৪.৫৭ লক্ষ টাকার এবং স্থাবর সম্পত্তির মূল্য ৬১.৩০ লক্ষ টাকা।
শুভেন্দু অধিকারীর হলফনামার আরও কিছু তথ্য বিশেষভাবে নজর কেড়েছে। তিনি জানিয়েছেন, তাঁর হাতে নগদ রয়েছে মাত্র ১২ হাজার টাকা। কোনও ব্যক্তিগত গাড়ি বা অন্য যানবাহন তাঁর নামে নেই বলেও উল্লেখ করা হয়েছে। এমনকি গয়নার ঘরেও তিনি ‘শূন্য’ উল্লেখ করেছেন।