শপথের পরই প্রশাসনে বড় রদবদল, শক্তিশালী হচ্ছে সিএমও
দৈনিক স্টেটসম্যান | ১১ মে ২০২৬
নতুন সরকারের শপথের ২৪ ঘণ্টার মধ্যেই প্রশাসনে বড় রদবদলের পথে রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দপ্তরকে শক্তিশালী করতে একাধিক আইএএস ও ডব্লিউবিসিএস আধিকারিককে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে আনা হল। রবিবার রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দপ্তরের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে এই বদলির কথা জানানো হয়েছে।
আইএএস স্তরে দু’জন আধিকারিককে মুখ্যমন্ত্রীর দপ্তরে যুগ্মসচিব পদে আনা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন এমএসএমই ও টেক্সটাইল দপ্তরের যুগ্মসচিব পি প্রমোথ এবং পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক নবনীত মিত্তল। দু’জনেই অবিলম্বে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে যোগ দেবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
একই সঙ্গে ডব্লিউবিসিএস স্তরেও বড় রদবদল করা হয়েছে। সাত জন আধিকারিককে সিনিয়র ডেপুটি সেক্রেটারি পদে মুখ্যমন্ত্রীর দপ্তরে নিয়ে আসা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন আবাসন, মৎস্য, ভূমি সংস্কার, জেলা প্রশাসন এবং স্বনির্ভর গোষ্ঠী সংক্রান্ত দপ্তরের আধিকারিকেরা।
প্রশাসনিক সূত্রের দাবি, নতুন সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্প ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর দপ্তরকে আরও সক্রিয় ও শক্তিশালী করতেই এই পদক্ষেপ।
প্রশাসনিক মহলের একাংশের মতে, নতুন সরকার শুরু থেকেই তরুণ এবং মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা থাকা অফিসারদের উপর জোর দিতে চাইছে। জেলা প্রশাসন, উন্নয়নমূলক প্রকল্প এবং জনসংযোগমূলক কাজে অভিজ্ঞ অফিসারদের সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে এনে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও প্রশাসনিক সমন্বয় বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।