রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই প্রশাসনিক ব্যস্ততা থেকে খানিক দূরে, কাঁথির শান্তিকুঞ্জে পরিবারের সঙ্গেই সময় কাটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শনিবার ব্রিগেডে শপথের পর গভীর রাতে বাড়ি ফেরেন তিনি। রবিবার সকাল থেকেই শান্তিকুঞ্জের সামনে ভিড় জমান শুভানুধ্যায়ীরা। কেন্দ্রীয় বাহিনীকে সামলাতে হয় জনতার ঢল।
বাড়ির বাইরে যখন অভিনন্দনের ভিড়, ভিতরে তখন একেবারে পারিবারিক আবহ। সকালে ঘুম থেকে উঠে মা গায়ত্রী দেবী, বাবা শিশির অধিকারী ও মাসিকে প্রণাম করেন শুভেন্দু। দীর্ঘ নির্বাচনী প্রচারের ধকল কাটাতে এদিন বেশিরভাগ সময়ই বিশ্রামে ছিলেন তিনি।
দুপুরের মধ্যাহ্নভোজে ছিল বাড়ির আদরের মেজো ছেলে ‘বুবাই’-এর পছন্দের নানা পদ। মা ও মাসির হাতের রান্নায় সাজানো টেবিলে ছিল মোচার তরকারি, সর্ষে ইলিশ, পোনা কালিয়া থেকে মুরগির মাংস ও শেষ পাতে টক দই।
একেবারে খাঁটি বাঙালি আয়োজন। রাজ্যের মুখ্যমন্ত্রী হলেও শান্তিকুঞ্জের অন্দরমহলে এদিন শুভেন্দু অধিকারী ছিলেন পরিবারের সেই আদরের ‘বুবাই’। সন্ধ্যার কিছু আগে কলকাতার উদ্দেশে রওনা দেন তিনি।