বিজেপি করার ‘অপরাধে’ জুতোপেটা করে সিপিএম, ৩৪ বছর পর জুতো পরবেন দুর্গাপুরের সেই জয়দেব
প্রতিদিন | ১১ মে ২০২৬
বামআমলে বিজেপি করার মাশুলে বন্ধ হয়েছিল রেশন! তৃণমূল আমলে জোটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি! গোটা দশেক মামলাও রয়েছে। তাতেও দমে যাননি। অভিযোগ, বামেদের শাসনকালে জুতোপেটা করা হয়েছিল তাঁকে। সেসময় থেকেই ধনুক ভাঙা পণ করেছিলেন, বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী দেখার পর পায়ে জুতো-চটি পরবেন। ৩৪ বছর পর সেই স্বপ্ন যেন পূরণ হয়েছে। এবার জুতো পরবেন পশ্চিম বর্ধমানে বুদবুদের দেবশালা গ্রামের জয়দেব বাগদি।
বুদবুদের দেবশালা গ্রাম। পুর্ব বর্ধমান জেলার আউশগ্রামের জঙ্গলমহল। একসময় বামের দুর্গ ছিল। বর্তমানে পঞ্চায়েত থেকে বিধানসভা সবই তৃণমূলের দখলে। দেবশালা গ্রামের বাগদি পাড়ার বাসিন্দা জয়দেব বাগদি। ১৯৯০ সাল থেকে তিনি বিজেপির সক্রিয় কর্মী। ১৯৯২ সালে বিজেপি করার ‘অপরাধে’ তাঁর উপর অত্যাচার করা হয়। অভিযোগ, তাঁর পায়ের জুতো খুলে তাঁকেই জুতোপেটা করেছিলেন সেইসময়ের সিপিএম কর্মী-সমর্থকরা। তখনই অপমানিত জয়দেব পণ করেছিলেন, যতদিন না বিজেপির মুখ্যমন্ত্রী রাজ্যে হবে, ততদিন তিনি পায়ে জুতো পরবেন না। বাম সরকারের ২০১১ সালে পতন হয়। এরপর তৃণমূল সরকার ক্ষমতায় আসে। বিরোধী দল করার অভিযোগে সেসময়ও অত্যাচার, হেনস্থার শিকার হয়েছেন তিনি!
গত ৩৪ বছরে অমানবিক আচরণের শিকার জয়দেব বাগদি। সংসারে আর্থিক অনটন নিত্যদিনের। অসুস্থ স্ত্রী। খড়ের চালা ঘরে কোনওভাবে ত্রিপল রাঙিয়ে রোদ জল আটকায়। মনের মধ্যে একরাশ ক্ষোভ নিয়ে জয়দেব বলেন,”গ্রামের কয়েকজনকে নিয়ে মাঝেমধ্যে মিটিং-মিছিল করি। আর তাতেই চক্ষুশুল ছিল বামেদের। পরবর্তীকালে তৃণমূলেরও। অনটনে অন্নপূর্ণা যোজনা কিংবা বিপিএলের চাল গম দুরস্ত, রেশন দেওয়ায়ও বন্ধ করে দিয়েছে। জবকার্ড থাকলেও একশো দিনের কাজ দিত না। গোটা রাজ্য যখন নির্মল বাংলার লক্ষ্যে দৌড়চ্ছে। আমাকে শৌচাগারটুকুও দেয়নি। এমনকী প্রধানমন্ত্রী আবাস যোজনার থেকেও বঞ্চিত। অনটনের সংসারে ছেলেরা পড়াশোনায় ইতি টেনে দিনমজুরের কাজে নেমেছে। তাতে যা আয় হয় কোনওভাবে সংসার চলে।”
তিনি আরও জানান,”বঞ্চনা যেমন, তেমনই অত্যাচার চলে। বিজেপির মিটিং মিছিল করলেই আমাদের কর্মীদের মারধর করত। মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়। গোটা দশেক মামলা এখনও রয়েছে। তবুও হাল ছাড়িনি। বিজেপি রাজ্যে ক্ষমতায় না আসা পর্যন্ত খালি পায়েই ঘুরব।” এবার সেই স্বপ্নপূরণ হয়েছে। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। অনুষ্ঠান করেই জুতো পরবেন। দলীয় নেতৃত্ব আসবেন। এমনই জানিয়েছেন জয়দেব।