চোপড়ায় ডাকাতি ও বাইক ছিনতাই সহ একাধিক অভিযোগে বিজেপি প্রার্থীর ভাই গ্রেফতার
আজ তক | ১১ মে ২০২৬
Chopra BJP candidate Shankar Adhikari: ফের উত্তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়া। এবার খোদ পুলিশ আধিকারিককে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠল এলাকার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। রবিবার দুপুরে চোপড়া থানার বিজেপি প্রার্থী শংকর অধিকারীর ভাই সুব্রত অধিকারীকে পুলিশ গ্রেফতার করতেই রণক্ষেত্রের চেহারা নেয় থানা চত্বর। ধৃতের বিরুদ্ধে ডাকাতি ও বাইক ছিনতাইয়ের মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সুব্রত অধিকারী ওরফে ইসমাইল ওরফে ডেনড্রাইটের গতিবিধির ওপর গত কয়েকদিন ধরেই নজর রাখা হচ্ছিল। রবিবার মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার একটি চা বাগান থেকে তাকে জালে তোলে চোপড়া থানার পুলিশ। ভাইয়ের গ্রেফতারির খবর পেয়েই অনুগামীদের নিয়ে থানায় চড়াও হন বিজেপি প্রার্থী শংকর অধিকারী।
অভিযোগ, থানার আইসি কেশব বড়ালের সঙ্গে তীব্র বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। মেজাজ হারিয়ে প্রকাশ্যেই আইসি-কে লক্ষ্য করে গালিগালাজ শুরু করেন বিজেপি নেতা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় উপস্থিত পুলিশ কর্মীদের। শেষে আইসি নিজের কোয়ার্টারের দিকে চলে গেলে শংকরবাবু থানা ছাড়েন, যদিও গেটের বাইরে দাঁড়িয়েও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে থাকেন তিনি।
ইসলামপুর পুলিশ জেলার এসপি রাকেশ সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ধৃত সুব্রতর বিরুদ্ধে শিলিগুড়ির একটি ডাকাতির মামলা-সহ মোট পাঁচটি মামলা রয়েছে। ২০২৫ সালের আদালতের একটি ওয়ারেন্টও ছিল তার নামে। সেই সূত্র ধরেই এই পদক্ষেপ। অন্যদিকে, তৃণমূল বিধায়ক হামিদুল রহমান স্পষ্ট জানিয়েছেন, "অপরাধীর বিরুদ্ধে বহু মামলা রয়েছে, পুলিশ নিজের কাজ করেছে। এতে রাজনীতির যোগ নেই।" পাল্টা অভিযোগে বিজেপি প্রার্থীর দাবি, প্রশাসন একতরফা কাজ করছে এবং বিজেপি কর্মীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করে এলাকায় অশান্তি ছড়াতে চাইছে পুলিশ। ঘটনার জেরে চোপড়ায় রাজনৈতিক পারদ তুঙ্গে।