নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় জারি থাকা সংঘাত ব্যাঘাত ঘটিয়েছে পণ্য লেনদেনে। এই পরিস্থিতিতে ধাক্কা খেয়েছে দেশের বিদেশি মুদ্রা তহবিল। সমস্যার মোকাবিলায় সাহায্যের হাত বাড়াতে দেশবাসীর কাছে আরজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। জ্বালানির ব্যবহার কমাতে দেশবাসীর কাছে মেট্রো ও গণপরিবহণ ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। দেশের স্বার্থে কোভিড পর্বের মতো ফের বাড়ি থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম), অনলাইন কনফারেন্স ও ভার্চুয়াল মিটিং করার কথা বলেছেন তিনি। পাশাপাশি, অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ ও সোনার কেনাকাটা থেকে বিরত থাকার কথা বলেছেন তিনি। এব্যাপারে প্রধানমন্ত্রীর বার্তা, ‘দেশপ্রেম মানে শুধু সীমান্তে আত্মবিসর্জন নয়। দেশের প্রতি দায়িত্ববোধ ও কর্তব্য পালনই প্রকৃত দেশপ্রেম।’ মোদি আরও বলেন, ‘চলতি পরিস্থিতিতে বিদেশে বিয়ের অনুষ্ঠান ও ছুটি কাটানোর ক্ষেত্রে অন্তত এক বছর এই ব্যাপারে রাশ টানা দরকার। প্রধানমন্ত্রী দেশে বা স্থানীয়ভাবে তৈরি জুতো, ব্যাগের মতো নিত্য ব্যবহার্য সামগ্রী কেনাকাটায় অগ্রাধিকার দিতে বলেছেন। কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার ৫০ শতাংশ কমানো এবং জলসেচের জন্য সৌরশক্তি চালিত পাম্প ব্যবহারের আরজি জানিয়েছেন তিনি।