• লুটপাট করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে সেতু থেকে ছুড়ে ফেলে দিল দুষ্কৃতীরা
    বর্তমান | ১১ মে ২০২৬
  • দেরাদুন: শুক্রবার রাত তিনটে। অফিস থেকে বাড়ি ফিরছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আকাশ কুমার। সেই সময়ে তাঁকে অপহরণ করে লুটপাট চালাল দুষ্কৃতীরা। অভিযোগ, বছর তেইশের আকাশকে জোর করে বাইকে তুলে নিয়ে যায় দুই দুষ্কৃতী। পরে একটি ফাঁকা জায়গায় গিয়ে তাঁর দু’টি মোবাইল ফোন ও নগদ ৭০০ টাকা কেড়ে নেয়। এখানেই শেষ নয়। তাঁকে মারধর করে সেতু থেকে নীচে ফেলে দেয় দুষ্কৃতীরা। পরে ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্তরা। উত্তরাখণ্ডের দেরাদুনের এই ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। মেরুদণ্ডে চোট পেয়ে যন্ত্রণায় চিৎকার করতে থাকেন যুবক। কয়েক ঘণ্টা পর তাঁকে দেখতে পেয়ে নিকটবর্তী সেনা শিবিরে খবর দেন স্থানীয় এক ব্যক্তি। বর্তমানে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আকাশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    কাওনলি রোড এলাকার বাসিন্দা আকাশ দেরাদুন আইটি পার্কের একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। নাইট শিফট সেরে শুক্রবার গভীর রাতে বাড়ি ফিরছিলেন তিনি। প্রিন্স চক পর্যন্ত তাঁকে নিয়ে আসেন এক সহকর্মী। তারপর অ্যাপ ক্যাব বুক করে অপেক্ষা করছিলেন আকাশ। এমন সময় বাইকে করে সেখানে পৌঁছায় দু’জন। আকাশকে বলে — আমাদের ফোন হারিয়ে গিয়েছে। আপনার ফোন থেকে একটা কল করা যাবে। আকাশ কাছে যেতেই তাঁকে জোর করে বাইকে তুলে যামুনওয়ালা সেতুর কাছে নিয়ে যায় দুষ্কৃতীরা। আকাশকে মারধর করে ৭০০ টাকা ও দু’টি মোবাইল কেড়ে নেওয়া হয়। পরে বেধড়ক মারধর করে সেতু থেকে নীচে ফেলে দেওয়া হয়। তদন্ত জানা গিয়েছে, বাইকে তোলার আগে আক্রান্তের মুখে কাপড় বেঁধে দিয়েছিল দুষ্কৃতীরা। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ।
  • Link to this news (বর্তমান)