• পাহাড়কে বাঁচাতে ‘নো ডেভেলপমেন্ট জোন’ গোয়ার ৮২ লক্ষ বর্গমিটার জমি
    বর্তমান | ১১ মে ২০২৬
  • পানাজি: বাঁচাতে হবে সবুজ। বাঁচাতে হবে গোয়ার প্রাচীন ঐতিহ্য আর পরিবেশ। তাই এবার বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। গোয়ার সৌন্দর্য্য পাহাড় রক্ষায় এবার ৮২ লক্ষ বর্গমিটার জমিকে ‘নো ডেভেলপমেন্ট জোন (এনডিজেড) হিসাবে ঘোষণা করা হল। পাহাড়, জঙ্গল এবং উপত্যকার প্রকৃতিকে রক্ষার স্বার্থে বেআইনি এবং অপরিকল্পিত নির্মাণকাজ বন্ধ করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত।  

    নগর ও শহর পরিকল্পনা দপ্তর জানিয়েছে, ঘোষিত অঞ্চলে রয়েছে মাজোরদা, গনসুয়া সহ সংলগ্ন ৮২ লক্ষ ৮৫ হাজার বর্গমিটার এলাকা। পরিবেশ রক্ষায় গোয়া সরকারের এই  উদ্যোগের প্রশংসা করেছে কেন্দ্র। গোয়া বনদপ্তরের তরফেও মান্ডভি ও জুয়ারি নদীতীরবর্তী এলাকাকে অত্যন্ত সংবেদনশীল বলে চিহ্নিত করা হয়েছে। সেখানে কোনোরকমের নির্মাণ বা উন্নয়নমূলক কাজ করা যাবে না। 

    বনমন্ত্রী বিশ্বজিৎ রানে বলেন, গোয়ার মূল নদীবেষ্টিত পরিবেশকে রক্ষা করার জন্যই সরকার এই উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই নগরোন্নয়ন দপ্তরকে কোনোরকমের নির্মাণ সংক্রান্ত কাজ ওই এলাকায় বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আশা করা যায়, আগামী দিনে রাজ্যের প্রাকৃতিক সম্পদ সুরক্ষিত থাকবে।
  • Link to this news (বর্তমান)