পশ্চিমবঙ্গে ভোট দিয়েছেন একজনই প্রবাসী ভোটার, দেশে মাত্র ৮ শতাংশ
বর্তমান | ১১ মে ২০২৬
সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: প্রবাসী ভারতীয়দের কি দেশে এসে ভোটদানে আগ্রহ কমছে? নির্বাচন কমিশনের ভোটদানের নথি দেখে এই প্রশ্নই উঠছে। পাঁচ রাজ্যের ভোটে মাত্র ৮ শতাংশ প্রবাসী ভারতীয় ভোট দিয়েছেন। অথচ প্রধানমন্ত্রী বিদেশে গেলে প্রবাসী ভারতীয়দের সিংহভাগ ‘মোদি মোদি’ স্লোগানে মাতেন। রাহুল গান্ধী কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ও বিদেশ ভ্রমণে গেলেও সাক্ষাতে আগ্রহী হতে দেখা যায় তাঁদের। কিন্তু ভারতের ভোটার হয়েও সেই প্রবাসী ভারতীয়দেরই সিংহভাগ ভোটদানে আগ্রহী নন। অন্তত পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসমের মতো চার রাজ্য এবং কেন্দ্রশাসিত পুদুচেরির সাম্প্রতিক নির্বাচনের ফলাফলে সেটিই স্পষ্ট।
পশ্চিমবঙ্গে প্রবাসী ভারতীয় বা ওভারসিজ ইলেকটরের সংখ্যা মোট ১৫৭। এর মধ্যে ১০০ জন পুরুষ। ৫৭ জন মহিলা। এর মধ্যে রাজ্যে দু দফার ভোটে মাত্র একজন ভোট দিয়েছেন। তিনি মহিলা। যদিও গোপনীয়তা বজায় রাখতে নির্বাচন কমিশন তাঁর নামধাম প্রকাশ করেনি। প্রবাসী ভারতীয়দের ক্ষেত্রে কোনো এপিক কার্ড বা ভোটার পরিচয়পত্র দেওয়া হয় না। তাঁরা অনলাইনে কোনো একটি কেন্দ্রের ভোটার হওয়ার আবেদন করতে পারেন। তবে অনলানইনে ভোট দিতে পারেন না। ব্যক্তিগতভাবে সশরীরে এসেই ভোট দিতে হয়। ভোট দিতে আসল পাসপোর্ট দেখাতে হয়। বহুদিন ধরে প্রবাসী ভারতীয়রা অনলাইন ভোটদানের দাবি করলেও নির্বাচন কমিশন এখনো তা অনুমোদন করেনি। কেননা, নির্দিষ্ট ভোটারই ভোট দিচ্ছেন কি না, অনলাইনে তা নিশ্চিত করা যায় না।
প্রবাসী ভারতীয়দের মধ্যে যারা অন্য দেশের নাগরিকত্ব নেননি বা পাননি, তাদের সিংহভাগ এখনও ভারতের ভোটার। ওভারসিজ ইলেকটর। সদ্য ভোট হওয়া পাঁচ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী ভোটার কেরলে। ২ লক্ষ ৪২ হাজার ৯৩ জন। কিন্তু এর মধ্যে দেশে এসে ভোট দিয়েছেন মাত্র ২০ হাজার ৩৬৬ জন। তামিলনাড়ুর ২ হাজার ৭৩০ জন প্রবাসী ভারতীয় ভোটারের মধ্যে ভোট দিয়েছেন স্রেফ ১৬ জন। আর বিজেপি শাসিত অসমে ২৩ জন প্রবাসী ভোটারের মধ্যে একজনও আসেননি বা এলেও ভোট দেননি বলেই কমিশনের নথি ঘেঁটে মিলেছে তথ্য। সব মিলিয়ে প্রায় ২ লক্ষ ৪৫ হাজার ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র ২০ হাজার ৩৮৩। অর্থাৎ ৮ শতাংশ প্রবাসী ভারতীয়ই চার রাজ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন। যদিও কমিশনের মতে, রাজ্য বিধানসভার ভোটে সাধারণত প্রবাসী ভারতীয়দের ভোট কমই হয়। লোকসভার ক্ষেত্রে সেটি বাড়ে। যদিও প্রবাসী ভারতীয় ভোটারদেরও দেশে ভোটদানে আগ্রহ বাড়ুক, চায় কমিশন।