• বক্সায় শেষ প্রজাপতি পর্যবেক্ষণ শিবির, ১২৫ রকম প্রজাতির সন্ধান, মথ নিয়ে রিপোর্ট শীঘ্রই
    বর্তমান | ১১ মে ২০২৬
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: জীব বৈচিত্র্যে দেশের সেরা জঙ্গল বক্সা ব্যাঘ্র প্রকল্প। বক্সাকে বলা হয় পাখি, প্রজাপতি ও মথের স্বর্গরাজ্য। সেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের রায়মাটাংয়ের জঙ্গলে রবিবার শেষ হল চার দিনের প্রজাপতি পর্যবেক্ষণের শিবির। রাজ্য বনদপ্তরের সহযোগিতায় এই প্রজাপতি পর্যবেক্ষণ শিবিরের উদ্যোক্তা ছিল ন্যাফ। তবে শুধু প্রজাপতিই নয়। চার দিনের এই শিবিরে মথ ও পাখি পর্যবেক্ষণও হয়েছে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট ২৫ জন শিবিরে উপস্থিত ছিলেন। যাঁদের মধ্যে ছিলেন প্রাণীবিদ বিশারদ, পতঙ্গবিদ ও প্রকৃতিপ্রেমীরা। 

    রায়মাটাং বনবস্তির ফরেস্ট লজে বসেছিল এই পর্যবেক্ষণ শিবির। রায়মাটাং জঙ্গলের ছ’টি পথ ধরে প্রজাপতি পর্যবেক্ষণ হয়েছে। দিনভর প্রজাপতি ও ভোরে পাখি পর্যবেক্ষণ হয়েছে। আর রাত ১০টা থেকে রাত ২টো পর্যন্ত মথ পর্যবেক্ষণ হয়েছে। প্রজাপতি দিনে ও মথ রাতের বেলা দেখা যায়। মথ পর্যবেক্ষণের জন্য রাতে সাদা কাপড়ের পর্দায় লাইট ট্র্যাপিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। বনদপ্তরের রেকর্ডে বক্সার জঙ্গলে ৪৫০ প্রজাতির প্রজাপতি রয়েছে।

    রবিবার শেষদিনে প্রজাপতি পর্যবেক্ষণের রিপোর্ট পেশ করা হয়। তাতে ন্যাফের পঞ্চম বর্ষের এই শিবিরে ১২৫ প্রজাতির প্রজাপতির খোঁজ মিলেছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল চকোলেট এলবার্টস, ইয়েলো হেলেন, কমন গাল, কমন ম্যাপ, টনি রাজা ও অরেঞ্জ অকলিপের মতো প্রজাতির প্রজাপতি। যদিও শিবিরে কত প্রজাতির মথের সন্ধান মিলল তার রিপোর্ট প্রকাশ করা হয়নি। শীঘ্রই সেই রিপোর্ট প্রকাশ করা হবে। 

    রাজ্যের প্রজাপতি বিশেষজ্ঞ রুদ্রপ্রসাদ দাস বলেন, বক্সার চার ভাগ প্রজাপতির মধ্যে এই পর্যবেক্ষণ শিবিরে মাত্র এক ভাগ প্রজাপতির খোঁজ মিলেছে। এটাই শিবিরের বড় সাফল্য। এলাকার পরিবেশ ভালো না খারাপ তার সূচক হিসেবে কাজ করে প্রজাপতিরা। প্রজাপতি বিশেষজ্ঞ যুধাজিৎ দাশগুপ্ত বলেন, পৃথিবী থেকে ১০০ প্রজাতির পতঙ্গ হারিয়ে গিয়েছে। আমরা তা জানি না। আরও ৭০ শতাংশ পতঙ্গ বিলুপ্ত হওয়ার পথে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় পতঙ্গ সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। সেই জন্য এই ধরনের শিবিরের আরও দরকার। 

    এদিকে, প্রতিদিন পর্যবেক্ষণ শেষে শিবিরে টেকনিক্যাল সেশনের আলোচনায় অংশ নেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা কুমার বিমল, বক্সার পূর্ব ডিভিশনের উপক্ষেত্র অধিকর্তা হরিকৃষ্ণান পিজে সহ অন্যান্য বনকর্তারা। ন্যাফের কো-অর্ডিনেটর অনিমেষ বসু বলেন, জীব বৈচিত্র্যে দেশের অন্যতম সেরা জঙ্গল বক্সা। বক্সাকে বলা হয় পাখি, প্রজাপতি ও মথের স্বর্গরাজ্য। বক্সার জীব বৈচিত্র্য ভালো রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। তার জন্য এই ধরনের পর্যবেক্ষণ শিবির আরও বেশি করে করতে হবে আমাদের। • বক্সার জঙ্গলে প্রজাপতি ছবি তুলছেন এক পতঙ্গপ্রেমী। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)