• কোচবিহার থেকে একাধিক মন্ত্রী?
    বর্তমান | ১১ মে ২০২৬
  • সুকান্ত গঙ্গোপাধ্যায়, কোচবিহার: রাজ্য মন্ত্রিসভায় ইতিমধ্যেই কোচবিহার থেকে নিশীথ প্রামাণিক স্থান পেয়েছেন। প্রথম দফাতেই তিনি শপথ নিয়েছেন। নিশীথ কোন গুরুত্বপূর্ণ দপ্তর পান, সেদিকে তাকিয়ে রয়েছে গোটা কোচবিহার জেলা। এবার দ্বিতীয় দফায় কোচবিহার জেলা থেকে আর কারা মন্ত্রী হিসাবে স্থান পেতে পারেন তা নিয়ে জেলাজুড়ে চলছে জোর জল্পনা। 

    কোচবিহারের ন’টি আসনের মধ্যে আটটিতে বিজেপি জয়ী হয়েছে। এই বিপুল জয়ের মধ্যে রয়েছেন তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়। তিনি পরপর দু’বার তুফানগঞ্জ থেকেই বিজেপির টিকিটে বিধায়ক হলেন। মালতিদেবী এর আগে বিজেপির জেলা সভানেত্রী ছিলেন। সেই সঙ্গে দীর্ঘদিন ধরে সংগঠনের বহু গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। তিনিই জেলায় একমাত্র মহিলা বিধায়ক। তাই তিনি মন্ত্রিসভায় স্থান পান কি না সেদিকে তাকিয়ে রয়েছেন দলের অনেকেই। 

    আবার কোচবিহার দক্ষিণ বিধানসভার এমএলএ রথীন্দ্রনাথ বসু বিজেপির বহু পুরনো সংগঠক। তিনি উচ্চ শিক্ষিত। পেশায় চার্টাড অ্যাকাউন্টেন্ট। প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই তিনি জয়লাভ করেছেন। ফলে তাঁরও মন্ত্রীত্ব পাওয়ার সম্ভাবনা নিয়ে জেলার সর্বস্তরেই চর্চা রয়েছে। এঁরা সকলেই এখন কলকাতায়। তবে বিজেপির মতো মজবুত সাংগঠনিক দলের নেতারা এখনই এসব বিষয়ে মুখ খুলতে রাজি নন। তাঁদের দাবি,এই সমস্ত বিষয়ে দলয়ে নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং যথা সময়ে তা জানা যাবে। 

    বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী রবিবার কলকাতা থেকে টেলিফোনে বলেন, বিজেপিতে এভাবে কিছু হয় না। দলের শীর্ষ পর্যায়ে আলোচনার মাধ্যমে উঠে আসা সিদ্ধান্তই চূড়ান্ত। ফলে এসব নিয়ে জল্পনার কোনো অবকাশ নেই। যা সিদ্ধান্ত নেওয়ার দল নেবে। 

    এবারের নির্বাচনে নিশীথের কামব্যাক হয়েছে। চব্বিশের লোকসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। কিন্তু ছাব্বিশের বিধানসভা ভোটে কোচবিহারের মাথাভাঙা আসন থেকে তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রীর জয়লাভের পর একপ্রকার স্পষ্ট হয়ে গিয়েছিল, বিজেপি সরকার গড়লে তাঁর মন্ত্রীত্ব নিশ্চিত। সেই মতো শনিবার প্রথম দফার শপথ গ্রহণ অনুষ্ঠানে উত্তরবঙ্গ তথা রাজবংশী মুখ হিসাবে তাঁর শপথ গ্রহণ হয়ে গিয়েছে। কিন্তু তাঁর পাশাপাশি আরও কে কে মন্ত্রী হতে পারেন, তা নিয়েই এখন জেলাজুড়ে চর্চা চলছে। অন্য কোনো বিধায়ক মন্ত্রীত্ব পেলে তাঁরা কোন কোন দপ্তর পেতে পারেন সেদিকেও নজর রাখছেন জেলাবাসী।
  • Link to this news (বর্তমান)