• নেতার বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল সাংসদের
    বর্তমান | ১১ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: তৃণমূলের তরফে বাঁকুড়ায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ তোলা হয়েছে। রবিবার মেজিয়ার তারাপুর এলাকায় বিজেপির বিজয় মিছিল ছিল। সেই মিছিল থেকে একজন তৃণমূল নেতার বাড়িতে কয়েকজন চড়াও হয় বলে বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী অভিযোগ তুলেছেন। তৃণমূল আমলে নিয়োগ হওয়া বাঁকুড়া মেডিকেলের চুক্তিভিক্তিক কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। ওন্দায় এক তৃণমূল কর্মীকে মহিলাদের পোশাক পরিয়ে বিজেপি কর্মীরা হেনস্থা করে বলে অভিযোগ।

    যদিও ওইসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অরূপবাবু বলেন, পুলিশের সামনেই ওই নেতার বাড়িতে বিজেপি কর্মীরা চড়াও হয়। পরিবারের এক সদস্যকে মারধর করা হয়েছে। আমাদের সরকারের আমলে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে চুক্তিভিত্তিতে নিয়োগ হওয়া কয়েকজনকে কাজে যোগ দিতে বাধা দেওয়া হচ্ছে। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি। যদিও পুলিশের তরফে ভোট পরবর্তী হিংসার অভিযোগ অস্বীকার করা হয়েছে।

    জেলার এক পুলিশ কর্তা বলেন, এদিন মেজিয়ায় গণ্ডগোলের আশঙ্কায় বিজয় মিছিলে ডিএসপি পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। সেখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। মেজিয়া থানায় কোনো অভিযোগও দায়ের হয়নি। বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, জেলায় শান্তির পরিবেশ বজায় রয়েছে। বিজেপি কর্মীরা কাউকে হুমকি দেয়নি আর মারধরও করেনি। তৃণমূল অভিযোগ প্রমাণ করতে পারলে আমরা দলীয়ভাবে ব্যবস্থা নেব। কোনোরকম অশান্তি হলে পুলিশকেও রং না দেখে আইনানুগ পদক্ষেপ নিতে বলা হয়েছে।
  • Link to this news (বর্তমান)