৩ কোটির প্রতারণা কর্নেলের স্ত্রীকে, হরিয়ানা পুলিশের অভিযানে গ্রেপ্তার বাঁশদ্রোণী থেকে
বর্তমান | ১১ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হরিয়ানার পঞ্চকুলায় সেনাবাহিনীর এক কর্নেলের স্ত্রীকে ‘ডিজিটাল অ্যারেস্ট’ করে তিন কোটি টাকা প্রতারণা করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে হরিয়ানা পুলিশ কলকাতা থেকে একজনকে গ্রেপ্তার করল। শনিবার রাতে তারা বাঁশদ্রোণী এলাকার বাসিন্দা রাহুল রায়কে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, ধৃতের সঙ্গে জালিয়াতি চক্রের যোগসূত্র মিলেছে। সে সাইবার প্রতারকদের তার ব্যাংক অ্যাকাউন্ট ‘ভাড়া’ দিত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।
হরিয়ানা পুলিশ সূত্রে খবর, ২০২৫ সালের ডিসেম্বরে সেনাবাহিনীর এক কর্নেলের স্ত্রীকে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে একজন ফোন করে। তাঁকে বলা হয়, দিল্লি বিমানবন্দরে তাঁর নামে আসা একটি পার্সেলে মাদক রয়েছে। শুধু তাই নয়, তাঁর আধার ব্যবহার করে তোলা হয়েছে একাধিক সিম কার্ড। সেগুলির সাহায্যে হয়েছে একাধিক অবৈধ আর্থিক লেনদেন। একথা শুনে ভয় পেয়ে যান কর্নেলের স্ত্রী। তিনি অভিযোগে জানিয়েছেন, এরপর তাঁকে ভিডিও কলে আসতে বলা হয়। সেই মতো ভিডিও কলে তিনি দেখেন, মুম্বই পুলিশের ইউনিফর্ম পরে একজন বসে রয়েছে। তার পিছনে মুম্বই পুলিশের লোগো। সেই ব্যক্তি বলে, এই মামলার তদন্ত মুম্বই পুলিশ ও সিবিআই একযোগে করছে। তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। মহিলার মোবাইলে ভুয়ো ওয়ারেন্টের কপিও পাঠানো হয়। তিনি ঘাবড়ে যান। গ্রেপ্তারির হাত থেকে বাঁচতে কী করতে হবে, জানতে চান। অভিযুক্তরা তখন তাঁকে জানায়, টাকা দিলেই সমস্যা মিটবে। টাকা না দেওয়া পর্যন্ত বাড়ি থেকে বেরতে নিষেধ করে তারা। এরপর তিনি প্রতারকদের কথা মতো তাদের দেওয়া অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করেন। তিনদিনে প্রায় তিন কোটি টাকা দিয়ে বসেন। ঘর থেকেও বেরননি। তারপর আরও টাকা দাবি করায় তিনি শেষ পর্যন্ত বিষয়টি স্বামীকে জানান। কর্নেল বুঝতে পারেন, ‘ডিজিটাল অ্যারেস্ট’ নামক প্রতারণার শিকার হয়েছেন তাঁর স্ত্রী। অভিযোগ করেন পঞ্চকুলা থানায়।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই টাকা একাধিক অ্যাকাউন্টের মাধ্যমে পাচার হয়েছে। বিভিন্ন রাজ্যে থাকা অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে। বেশ কিছু অ্যাকাউন্টে টাকা এসেছে দুবাই থেকে। সেসব নথি নাড়াচড়া করতে গিয়েই তদন্তকারীরা দেখেন, দুবাই থেকে বড়ো অঙ্কের টাকা বাঁশদ্রোণীর রাহুল রায়ের অ্যাকাউন্টে ঢুকেছে। তারপরই হরিয়ানা পুলিশের টিম শনিবার কলকাতায় এসে বাঁশদ্রোণী থানার পুলিশকে সঙ্গে নিয়ে তল্লাশি চালায়। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। ধৃত জেরায় হরিয়ানা পুলিশকে জানিয়েছে, অনলাইন প্ল্যাটফর্মের সূত্র ধরে তার সঙ্গে সাইবার জালিয়াতদের পরিচয় হয়েছিল।