• বারাসতে মসজিদ বাড়ি রোডের নাম বদলে করা হল নেতাজিপল্লি রোড, বসল ফলক
    বর্তমান | ১১ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: ৪ মে নির্বাচনি ফলপ্রকাশের পর থেকেই রাজ্যের একাধিক জায়গায় বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়েছে। সেই আবহেই শিরোনামে উঠে এসেছে বারাসতের নেতাজিপল্লি এলাকা। দীর্ঘদিনের পরিচিত ন’পাড়া মসজিদ বাড়ি রোডের নাম পরিবর্তন করে অস্থায়ীভাবে ‘নেতাজিপল্লি রোড’ নামকরণ করা হয়েছিল। স্থানীয় বিজেপি কর্মী ও এলাকার বাসিন্দাদের দাবি ছিল, বাংলার গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে রাস্তার নামকরণ করা হোক। নির্বাচনি ফলপ্রকাশের দিনই প্রথম অস্থায়ীভাবে রাস্তায় নতুন নামের ফলক বসানো হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চর্চা শুরু হয়। কেউ কেউ একে বাঙালির আবেগের বহিঃপ্রকাশ বলে দাবি করেন। শনিবার রাতে বিজেপি সরকারের শপথ গ্রহণের পর ফের সক্রিয় হয়ে ওঠেন এলাকার বাসিন্দা ও বিজেপি কর্মীরা। তাঁদের লক্ষ্য ছিল অস্থায়ী নামকরণকে স্থায়ী রূপ দেওয়া। সেই মতো রাতে শুরু হয় রাস্তায় স্থায়ী ফলক বসানোর কাজ। মসজিদ বাড়ি রোডের পরিবর্তে স্থায়ীভাবে ‘নেতাজিপল্লি রোড’ নাম খোদাই করে নতুন ফলক বসানোর উদ্যোগ নেওয়া হয়। স্থানীয়দের বক্তব্য, এটি শুধুমাত্র একটি রাস্তার নাম পরিবর্তন নয় বরং স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি সম্মান প্রদর্শনের একটি প্রতীকী পদক্ষেপ।

    স্থানীয় বাসিন্দা রাজু দাসের দাবি, এলাকায় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করেন। সকলের উপস্থিতিতেই এই নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেতাজি কোনো রাজনৈতিক দলের নন, সমগ্র বাঙালির আবেগ। অভিযোগ, কাজ অনেকটা এগিয়ে যাওয়ার পর ঘটনাস্থলে আসে বারাসাত জেলা পুলিশের বিশাল বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ পিকেট বসানো হয়েছে। তবে, স্থানীয়দের একাংশ জানিয়েছে, তাঁরা নেতাজির নামে রাস্তার নাম স্থায়ী করার দাবিতে অনড় থাকবেন।
  • Link to this news (বর্তমান)