বাগদায় তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ, গ্রেপ্তার ১
বর্তমান | ১১ মে ২০২৬
সংবাদদাতা, বনগাঁ ও সংবাদদাতা, কাকদ্বীপ: বাগদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা মিহির বিশ্বাসের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল। অভিযোগের তির বিজেপির দিকে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পদ্মপার্টি। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে বাগদা ব্লকের কনিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চুয়াটিয়া এলাকায়। জানা গিয়েছে, শনিবার এলাকায় বিজয় উৎসব করে বিজেপি কর্মীরা। মিছিল করে যাওয়ার সময় বাগদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য মিহির বিশ্বাসের বাড়িতে তারা হামলা চালায় বলে অভিযোগ। তৃণমূল নেতার দাবি, মূল দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর করা হয়েছে। আসবাবপত্র, জানালার কাচ ও গাড়ি ভাঙচুর করে অভিযুক্তরা। মিহির বিশ্বাসের স্ত্রী শিখারানি বিশ্বাস বলেন, বিজেপির বিজয় মিছিল থেকেই বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। হামলা হতে পারে, এই আশঙ্কা করে আমরা ভয়ে বাড়ি থেকে পালিয়ে যাই। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। জানা গিয়েছে, এই ঘটনার পর সিন্দ্রানি-হেলেঞ্চা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। পুলিশ অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে একপ্রস্থ বচসা হয়। সেই সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম দীপঙ্কর মণ্ডল। যদিও বিজেপির বাগদা ৩ নম্বর মণ্ডলের সভাপতি নিতাই বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, ওখানে কোনো বিজয় মিছিল হয়নি। তৃণমূলের কর্মীরাই গেরুয়া আবির মেখে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে, রবিবার বিজেপির বিজয় মিছিল যাওয়ার সময় এক তৃণমূল কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সাগরের কোম্পানিরছাড় এলাকায়। অভিযোগের তির বিজেপির দিকে। যদিও বিজেপি যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে।