গাছ কাটতে গিয়ে ভেঙে পড়ল চুঁচুড়ার তোলাফটক তোরণের অবশিষ্ট অংশ
বর্তমান | ১১ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: গাছ কাটতে গিয়ে ভেঙে পড়ল চুঁচুড়ার তোলাফটকে ঐতিহাসিক তোরণের একাংশ। এমনিতেই ওই তোরণ ভঙ্গুর অবস্থায় ছিল। রবিবার সেই তোরণের গায়ে থাকা বটগাছ কাটতে যান স্থানীয় বাসিন্দারা। তাতেই তোরণটি পুরোপুরি ভেঙে পড়ে যায়। ঘটনার জেরে শহরজুড়ে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বিধায়ক সুবীর নাগ, পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ এলাকায় ছুটে আসেন। দু’জনেই ওই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। এলাকাবাসীদের একাংশের দাবি, পুরসভাকে অন্ধকারে রেখে এক ব্যবসায়ী ওই তোরণের বটগাছ সাফাই করতে গিয়েছিলেন। সুবীরবাবু বলেন, খুবই বেদনাদায়ক ঘটনা। ওই ঐতিহাসিক স্মারকগুলি রক্ষণাবেক্ষণের কাজ কেউ করেননি। আমি আমার নির্বাচনি প্রস্তাবে ঐতিহ্য সংরক্ষণের কথা বলেছিলাম। এবার সেই কাজে হাত দিতে হবে। প্রসঙ্গত, চুঁচুড়া ছিল ডাচ উপনিবেশ। অন্যদিকে চন্দননগর ছিল ফরাসি উপনিবেশ। দুই ‘সাম্রাজ্য’কে পৃথক করে রাখতেই বর্তমান চুঁচুড়ার খাদিনা মোড় থেকে সোজা রাস্তার মাথায় সাবেক কালে তোরণ তৈরি করা হয়েছিল।
ইতিহাস বিশেষজ্ঞদের দাবি, দুই রাজত্বের মাঝে গড় বা পরিখা ছিল। তার উপরে তোলা ও নামানো যায় এমন লোহার সাঁকো বসানো ছিল। সেই সীমানা নির্দেশক দু’টি তোরণের অংশভাগ ২০২৬ সালেও ছিল চুঁচুড়ায়। তারই একটি অংশ রবিবার সকালে ভেঙে পড়ল।