• আপনাদের স্বপ্ন আমরা পূরণ করবই: মুখ্যমন্ত্রী
    বর্তমান | ১১ মে ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: মুখ্যমন্ত্রী কোনো দলের নন, তিনি রাজ্যের সবার। এই অবস্থান রক্ষা করার জন্য যা করার করব। আপনাদের দু’চোখের স্বপ্ন আমরাই পূরণ করব। শনিবার ফুলেশ্বরের মনসাতলায় বিজেপির হাওড়া গ্রামীণ জেলা আয়োজিত সংবর্ধনা সভায় এসে এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর সারাদিন নানা কর্মসূচির পর রাতে মেদিনীপুরে যাওয়ার পথে মনসাতলায় আসেন তিনি। তিনি বলেন, আমি অনেক অত্যাচারের সাক্ষী। আপনাদের উপর যা যা ঘটেছে, আমি সেসব ভুলে যাইনি। কিন্তু মুখ্যমন্ত্রী, তাই কথা খুব হিসাব করে বলতে হয়। অতএব কথা কম, কাজ বেশি। ব্রিগেডে প্রধানমন্ত্রী বলে গিয়েছিলেন, সব কা সাথ, সব কা বিকাশ। সেটা তো হবেই। সেই সঙ্গে যা যা অন্যায় দেখেছি, আইনি পথে সে সবের বিচারও হবে।

    এদিন নতুন মুখ্যমন্ত্রীকে দেখতে সন্ধ্যা থেকেই মনসাতলায় ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে মানুষের ঢল নামে। রাত পর্যন্ত অপেক্ষা করে মানুষ। অবশেষে মুখ্যমন্ত্রী মনসাতলায় এসে পৌছতেই আনন্দের বাঁধ ভাঙে। মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি দেবাশিস সামন্ত, উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক চিরণ বেরা, প্রাক্তন জেলা সভাপতি অরুণউদয় পালচৌধুরী। অন্যদিকে শনিবার মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার পর রবিবার হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন জায়গায় বিজয় মিছিল করে আনন্দে মেতে ওঠেন বিজেপি কর্মী, সমর্থকরা। 
  • Link to this news (বর্তমান)