হুমকি দিয়ে উৎপাদন বন্ধের চেষ্টা, অভিযুক্ত ‘স্বঘোষিত’ বিজেপি নেতা হুকুমচাঁদ জুটমিল
বর্তমান | ১১ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বরানগর: দাদাগিরি ও জুলুমবাজি বন্ধ হবে। এই বার্তা দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু এর উলটো ছবি দেখা গেল বারাকপুর শিল্পাঞ্চলে। অভিযোগ, বিধানসভা ভোটের ফল ঘোষণার পর হালিশহরের হুকুমচাঁদ জুটমিলে ঢুকে কর্মীদের ভয় দেখিয়ে কাজ বন্ধ করানোর হুমকি দিচ্ছেন এক ‘স্বঘোষিত’ বিজেপি নেতা। এমনকি, কারখানার উৎপাদন থামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ওই ব্যক্তি ও তাঁর দলবলের বিরুদ্ধে। ইতিমধ্যে জুটমিল কর্তৃপক্ষ এনিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
পাটশিল্পের দুর্দিনেও সবথেকে বেশি কর্মী নিয়ে চালু রয়েছে শিল্পাঞ্চলের অন্যতম পুরানো এই হুকুমচাঁদ জুটমিল। কখনও এই জুটমিল বন্ধ হয়নি। ২০২১ সালে টাকা তছরুপের অভিযোগে এই জুটমিলের এক কর্মীকে বহিষ্কার করেছিল কর্তৃপক্ষ। রাজ্যে পালাবদলের পর সেই ব্যক্তিই নিজেকে বিজেপি নেতা দাবি করে দাদাগিরি দেখাচ্ছেন বলে অভিযোগ। জুটিয়ে ফেলেছেন দলবলও। এরপর পুরানো কর্মস্থলে ঢুকে জুটমিল কর্তৃপক্ষকে ভয় দেখিয়ে কাজ বন্ধ করাচ্ছেন! জুটমিলের সিইও সমীরকুমার চন্দ্র বলেন, ‘উনি একজন বহিষ্কৃত কর্মী। শুধুমাত্র সরকার পরিবর্তনের সুযোগ নিয়ে কাজ বন্ধ করানোর হুমকি দিচ্ছেন। উৎপাদন ব্যাহত হচ্ছে। ২৫-৩০ জনকে নিয়ে জোর করে ঢুকে শ্রমিকদের কাজ বন্ধ করতে বাধ্য করছেন। আমাদেরও হুমকি দিচ্ছেন। আমরা অভিযোগ জানিয়েছি।’ শিল্পাঞ্চলের বিজেপি নেতা তথা নোয়াপাড়ার সদ্য নির্বাচিত বিধায়ক অর্জুন সিং বলেন, ‘বিজেপির নাম করে কোথাও জুলুম বা দাদাগিরি করলে দল তা বরদাস্ত করবে না।’