নিজস্ব প্রতিনিধি, বরানগর: অনলাইন বিপনি সংস্থার কর্মীর সঙ্গে নিরাপত্তা রক্ষীর বচসা হয়েছিল। তার জেরে কাঁচি দিয়ে ওই কর্মীকে কোপানোর অভিযোগে উঠল নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে। রবিবার সকালে সোদপুর স্টেশন লাগোয়া এলাকার এই ঘটনায় শোরগোল পড়েছে। খড়দহ থানার পুলিশ অভিযুক্ত নিরাপত্তা রক্ষী রাহুল চৌরাশিয়াকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি টিটাগড় এলাকায়।
সোদপুর স্টেশন সংলগ্ন একটি অনলাইন বিপনি সংস্থার কর্মী কৌশিক দাস। ওই বিপনি সংস্থারই নিরাপত্তা কর্মীর কাজ করতেন রাহুল চৌরাশিয়া।
এদিন সকালে কৌশিক স্টোর থেকে বেরিয়ে এক বন্ধুর সঙ্গে চা খেতে যাচ্ছিলেন। সেই সময় নিরাপত্তা কর্মী রাহুলের সঙ্গে কৌশিকের বচসা শুরু হয়। আচমকা ওই নিরাপত্তা রক্ষী কৌশিককে কাঁচি দিয়ে আক্রমণ করেন। তাঁর শরীরের একাধিক জায়গায় কাঁচির কোপ দেন। তখন সংস্থার বাকি কর্মীরা দৌড়ে এসে ওই নিরাপত্তা কর্মীকে ধরে ফেলেন। এর মধ্যে অবশ্য আকাশ রায় নামে অপর এক কর্মীর আঙ্গুলেও কাঁচির কোপ পড়ে।
উত্তেজিত ডেলিভারি কর্মীরা ওই নিরাপত্তা কর্মীকে পাকড়াও করে রাখেন। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা দেখা দেয়।
খড়দহ থানার পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায়। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে ওই নিরাপত্তা কর্মীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, আক্রান্ত কৌশিকের শরীরে একাধিক জায়গায় কোপ লেগেছে। মোট চার জায়গায় স্টিচ করতে হয়েছে। কৌশিক বলেন, ওই নিরাপত্তা কর্মী আগেও নানান ঘটনা ঘটিয়েছেন। আজ আচমকা হামলা করেন। ওর কঠোর শাস্তি চাই।