• তৃণমূলের কার্যালয় ফিরিয়ে দিল বিজেপি
    বর্তমান | ১১ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ভোটের ফল প্রকাশের পর বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনার আবহ তৈরি হলেও রবিবার দক্ষিণ হাওড়া, বালি ও জগৎবল্লভপুরে কিছুটা ভিন্ন ছবি দেখা গেল। কোথাও তৃণমূলের দখল হওয়া দলীয় কার্যালয় ফিরিয়ে দিল বিজেপি নেতৃত্ব, আবার কোথাও তালাবন্ধ হয়ে যাওয়া দোকান খুলে ব্যবসা চালুর ব্যবস্থা করা হল। একইসঙ্গে বিজেপির তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, বিরোধী দলের উপর কোনো ধরনের হিংসা বা জবরদখল বরদাস্ত করা হবে না। দক্ষিণ হাওড়া বিধানসভার থানামাকুয়া এলাকায় ভোটের ফল প্রকাশের পর কয়েকজন যুবক স্থানীয় একটি তৃণমূল কার্যালয়ে গেরুয়া পতাকা লাগিয়ে সেটি দখল করে নেয় বলে অভিযোগ। রবিবার বিজেপির হাওড়া জেলা কমিটির সদস্য অলোক দুবের নেতৃত্বে সেই কার্যালয়ের তালা খুলে তৃণমূলের অঞ্চল সভাপতি দেবমাল্য বসুর হাতে চাবি দিয়ে দেওয়া হয়। বিজেপি নেতৃত্বের দাবি, ফল ঘোষণার পর কিছু তৃণমূল কর্মী দল পরিবর্তনের কথা ঘোষণা করে ওই পদক্ষেপ করেছিলেন। তবে সংগঠনগতভাবে এই ধরনের দখল রাজনীতিকে সমর্থন করে না বিজেপি। রাজ্য নেতৃত্বের নির্দেশেই কার্যালয় ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানান স্থানীয় নেতারা। দেবমাল্য বসু বলেন, ‘দলীয় কার্যালয় না থাকলে সংগঠন চালাতে যে কী সমস্যা হয়, তা বিজেপি নেতৃত্ব বুঝেছে বলেই এই সৌজন্য দেখিয়েছে।’ 
  • Link to this news (বর্তমান)