দু’টি ক্রেডিট কার্ড থেকে তিন লক্ষ টাকা উধাও যুবকের, চাঞ্চল্য
বর্তমান | ১১ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কোনো ওটিপি আসেনি। ফোনে অপরিচিত কাউকে শেয়ারও করেননি পিন বা সিভিভি নম্বর! তা সত্ত্বেও দু’টি ক্রেডিট কার্ড থেকে উধাও হয়ে গিয়েছে প্রায় ৩ লক্ষ টাকা! এমনই প্রতারণার শিকার হয়েছেন রাজারহাটের এক যুবক। তিনি অথই জলে পড়েছেন। প্রতারিত ওই যুবক শনিবার সল্টলেকে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সাইবার বিশেষজ্ঞদের কথায়, ক্রেডিট কার্ডে এই ধরনের প্রতারণা দিন দিন বাড়ছে। গ্রাহকের অজান্তেই ক্রেডিট কার্ড থেকে নানা ধরনের ট্রানজাকশন হয়ে যাচ্ছে। কোথাও ইউপিআই ট্রানজাকশন হচ্ছে। কোথাও আবার গ্রাহকের কার্ড ব্যবহার করে প্রতারকরা ই-কর্মাস সাইট থেকে জিনিসপত্র কিনছে। উধাও হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা!
কিছুদিন আগেই সল্টলেকে এক সিআরপিএফ অফিসার এই প্রতারণার শিকার হয়েছেন। তিনিও কোনো ওটিপি বা পিন শেয়ার করেননি। অথচ, ১ ঘণ্টার মধ্যে পরপর ১৩টি ট্রানজাকশনে তাঁর ২ লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছে। গত ২৮ এপ্রিল তিনি সল্টলেকের বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই ঘটনারও তদন্ত চলছে। তার আগে সল্টলেকের এক গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে মোবাইল কিনেছিল প্রতারকরা। ফের একই ধরনের প্রতারণার শিকার রাজারহাটের ৩৭ বছরের ওই যুবক।
যুবক পুলিশকে জানিয়েছেন, তাঁর কাছে বেসরকারি ব্যাংকের দু’টি ক্রেডিট কার্ড রয়েছে। সেই দু’টি কার্ড বেআইনি ট্রানজাকশন করে ৩ লক্ষ ১ হাজার ৫৭২ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। একটি কার্ড থেকে ১ লক্ষ ৯০ হাজার ৪৪১ টাকা এবং অন্য কার্ড থেকে ১ লক্ষ ১১ হাজার ১৩১ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর ট্রানজাকশনের সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে, কীভাবে এই সাইবার প্রতারণা ঘটল, প্রতারকরা কীভাবে ক্রেডিট কার্ডের ডিটেইলস পেল, কেন ওটিপি এল না, তা খতিয়ে দেখা হচ্ছে।