নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পরই কুমোরটুলিতে তড়িঘড়ি শুরু হয়ে গেল রাম‑সীতা, বীর হনুমান, রাধা‑কৃষ্ণের মূর্তির বরাত আসা। বিভিন্ন মৃৎ ও শোলা শিল্পী ইতিমধ্যেই ওইসব মূর্তির বরাত পেয়েছেন। কোন কোন মূর্তি তৈরি শুরুও করে দিয়েছেন তাঁরা।
তাঁদের কথায়, সোমবার রাজ্যজুড়ে গেরুয়া ঝড় শুরু হওয়া মাত্রই বেশ কিছু বিজেপি কর্মী‑সমর্থক মোটর সাইকেল করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে হাজির হন পটুয়াপাড়ায়। তাঁদের মধ্যে কেউ কেউ রেডিমেড বীর হনুমান ও রাম‑সীতার মূর্তি কিনতে চান। কিন্তু কোনও শিল্পীর ঘরে তা না থাকায় তাঁরা বরাত দিয়ে যান। মূর্তি দুই ‑চারদিনের মধ্যে যাতে হাতে পাওয়া যায়, সেই বিষয়েও আমাদের কাছে অনুরোধও করেন।
মঙ্গলবার দুপুরে পটুয়াপাড়ায় গিয়ে দেখা যায়, কুমোরটুলি স্ট্রিটে এক শিল্পীর ঘরের বাইরে বিশাল মাপের এক ফাইবারের রাম‑সীতা মূর্তি তৈরির প্রস্তুতি চলছে। পুরো মূর্তি শেষ করতে কিছুটা সময় লাগবে বলে জানান বেশ কয়েকজন শিল্পী। আরেক শিল্পী রাজা পাল বলেন, মঙ্গলবার একটি রাম মূর্তির বরাত পেয়েছি। পাওয়া গিয়েছে ফাইবারের দু’টি হনুমানের মূর্তির বরাতও। কারিগর কম থাকায় কিছুটা সমস্যা হচ্ছে। আশা করছি শুক্রবার থেকে কাজ শুরু করা সম্ভব হবে।
শিল্পী সমর পাল বলেন, সোমবার থেকেই হনুমান মূর্তির খোঁজ করছিলেন অনেকে। কিন্তু তা না থাকায় কাউকে তা দিতে পারিনি। তবে ছোট্ট একটি রাধা‑কৃষ্ণের যুগল মূর্তি দোকানে ছিল। তা চারশো টাকায় কিনে নিয়ে যান একজন। ভোটের ফল বিজেপির অনুকূলে যাওয়া টের পাওয়া মাত্রই কুমোরটুলি স্ট্রিটের প্রবীণ শোলা শিল্পী শম্ভুনাথ মালাকার শোলা দিয়ে তৈরি করেন একটি সুদৃশ্য রাধা‑কৃষ্ণ যুগল মূর্তি। তিনি বলেন, কাকুঁরগাছির বাসিন্দা এক ব্যক্তি এই শোলার মূর্তির বরাত দিয়ে গিয়েছিলেন। খুব দ্রুত এই মূর্তি তৈরি করা হয়। তাঁর কথায়, চাহিদার কথা মাথায় রেখে এবার শুরু করব রাম‑সীতার শোলার মূর্তি তৈরির কাজও।
সুজিত মালাকার নামে আর এক শোলা শিল্পী বলেন, এখন কোনও পুজোর মরশুম নেই। এই অবস্থায় এই সমস্ত মূর্তির বরাত পাওয়ায় আমরাও আর্থিকভাবে খানিকটা উপকৃত হবে। এদিন কলকাতার বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছিল দেদার গেরুয়া পতাকাও। কেউ কেউ তিন‑চারটি করে হনুমানের ছবি আঁকা সেই পতাকা কিনে নিয়ে যান।