• হঠাৎই তেহট্টে ‘কমল প্রেম’ জাগ্রত, দামি পদ্ম চারা
    বর্তমান | ১১ মে ২০২৬
  • সংবাদদাতা, তেহট্ট: বিধানসভা নির্বাচনে বিজেপি জেতার পর থেকেই হঠাৎ করে অনেকেই বাড়িতে পদ্ম লাগাতে শুরু করেছেন। আর এই হিড়িকে দামি হয়ে উঠেছে পদ্মের চারা। ফল বেরোনোর পর থেকেই যাঁদের সঙ্গে রাজনীতির কোনো যোগ ছিল না বা যাঁরা মনে মনে অন্য রাজনৈতিক দলকে সমর্থন করতেন, তাঁদের মধ্যে পদ্ম প্রেম জাগ্রত হয়েছে। বিজেপি সরকারে আসতেই তাঁরা বাড়িতে পদ্মগাছ লাগিয়ে প্রমাণ করতে চাইছেন তাঁরা বিজেপির সমর্থক। তাঁদের লক্ষ্য শাসক শিবিরের ঘনিষ্ঠ হয়ে ওঠা। আগে তেহট্ট মহকুমার বিভিন্ন জায়গায় পদ্মের দেখা মিললেও বর্তমানে বিভিন্ন জলাশয় শুকিয়ে যাওয়ায় এখন কম দেখা মেলে। এখন হাতে গোনা দু’-এক জায়গায় পদ্মের দেখা পাওয়া যায়। বেতাইয়ের চাঁদ বিল, করিমপুরের গড়াইমারি তাঁদের মধ্যে অন্যতম। এলাকায় পদ্মের চারার যা চাহিদা তার তুলনায় জোগান খুব কম। আর এই সুযোগে পদ্মের চারার দাম বেড়ে চলেছে। চারা সংগ্রহ করতে রীতিমতো ভিড় জমছে জলাশয়গুলোর ধারে। নব্য বিজেপিদের এই ‘পদ্ম প্রেম’-কে ভালো চোখে দেখছেন না আদি কর্মীরা। আদি বিজেপি কর্মীদের দাবি, শুরু থেকেই যাঁরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছেন, তাঁরাই আসল বিজেপি। ভোটের পর বাড়িতে পদ্ম লাগালেই কেউ বিজেপি হয়ে যায় না। দলের পক্ষ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, অন্য দলের যাঁরা সুবিধা নেওয়ার জন্য বিজেপি সাজার চেষ্টা করছেন, সেই সব সুবিধাবাদীদের চিহ্নিত করে তাঁদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে।
  • Link to this news (বর্তমান)