• ফের টাকা বরাদ্দ হবে, আশায় বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তারা
    এই সময় | ১১ মে ২০২৬
  • এই সময়, কোচবিহার: চলতি বছরের ২৮ জানুয়ারি থেকে আবাস যোজনা বা বাংলার বাড়ি ফেজ়-টু প্রকল্পে উপভোক্তাদের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়ার কাজ শুরু করেছিল রাজ্য সরকার। কোচবিহারে ১ লক্ষ ৮৬ হাজারেরও বেশি উপভোক্তার জন্য বাংলার বাড়ি প্রকল্পে ঘর বরাদ্দ হয়। তার জন্য জেলায় ১১২ কোটি টাকারও বেশি আসে। সেই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু সেই টাকা পেয়ে ক'জন বাড়ির কাজ শুরু করেছেন, ব্যক্তিগত কাজে কেউ টাকা খরচ করেছেন কি না, বাড়ির কাজ কী পর্যায়ে রয়েছে, কোনও কিছুরই কোনও রিপোর্ট জেলা পরিষদের কাছে নেই। এই পরিস্থিতিতে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা নতুন সরকার দেবে বলে আশায় উপভোক্তারা।

    প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ কয়েক বছর আগে বন্ধ হওয়ায় রাজ্যের বিদায়ী তৃণমূল সরকার ২০২৪-এ 'বাংলার বাড়ি' প্রকল্প নাম দিয়ে উপভোক্তাদের কিস্তির মাধ্যমে ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়ার কাজ শুরু করে। কোচবিহারে লক্ষাধিক উপভোক্তা প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পান। প্রথম কিস্তির টাকা ঠিক ভাবে খরচ করলে দ্বিতীয় কিস্তির টাকা মেলে। এর জন্য প্রতি ব্লকে থাকা এক জন আধিকারিক উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করেন। কিন্তু মার্চে ভোট ঘোষণা হওয়ায় নির্বাচনী আচরণ বিধি চালু হয়ে যায়। ভোটে তৃণমূলকে হারিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। প্রায় দু'মাস ধরে সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ প্রায় বন্ধ হয়ে রয়েছে। নির্বাচনী আচরণ বিধি উঠে গিয়ে নতুন সরকার গঠনের পরে দ্বিতীয় কিস্তির টাকার জন্য আবেদন জানিয়েছেন উপভোক্তারা। কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) শান্তিরাম গড়াই বলেন, 'আবাস যোজনা নিয়ে এখনও কোনও নির্দেশ আসেনি। নির্দেশ যে ভাবে আসবে, সে ভাবেই কাজ করা হবে।'

  • Link to this news (এই সময়)