• আশাবাদী জিৎ
    বর্তমান | ১১ মে ২০২৬
  • রাজনীতি প্রসঙ্গে তিনি বরাবর নীরব থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। সরকারি একাধিক অনুষ্ঠানে এর আগেও তিনি উপস্থিত হয়েছেন ঠিকই, তবে তা এত জল্পনা-কল্পনার সুযোগ দেয়নি। যতটা দিচ্ছে গত কয়েকদিনের ঘটনাক্রম। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেতা জিৎ। গত শনিবার ব্রিগেডে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়ক। পরেরদিনই ফের সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্ট করলেন নায়ক। ‘মোদির গ্যারান্টি’র প্রতি তিনি যে ভরসা রাখছেন, তা প্রকাশ্যে জানালেন অভিনেতা। লিখলেন, ‘এই জয় ভারতীয় জনতা পার্টির জন্য এক অতিরিক্ত দায়িত্ব নিয়ে এসেছে। এটা কেবল রাজনৈতিক জয় নয়, মানুষের প্রতি এক বড়ো অঙ্গীকার। পশ্চিমবঙ্গ এমন একটি ভূমি, যা সম্পদ, প্রতিভা, সংস্কৃতি ও অসংখ্য মানুষের অবদানে সমৃদ্ধ। এই মাটির মানুষ তাঁদের মেধা, পরিশ্রম ও আত্মত্যাগের মাধ্যমে দেশকে বহু কিছু দিয়েছেন। কিন্তু দীর্ঘ সময় ধরে এই বাংলায় গৌরব, অস্মিতা, সংস্কৃতি ও শিক্ষার ঐতিহ্যকে যেভাবে মানুষের চোখে, দেশের চোখে ও বিশ্বের চোখে নীচে নামিয়ে দেওয়া হয়েছে, তা সত্যিই বেদনাদায়ক।’ জিতের কথায়, ‘আমি আশা রাখি, বিজেপির সরকার বাংলার জন্য এক নতুন সকাল, এক নতুন আলোর দিশা নিয়ে আসবে। ‘মোদির গ্যারান্টি’র উপর আজ কোটি কোটি মানুষের আশা ও বিশ্বাস রয়েছে।’ পশ্চিমবঙ্গ ফের ‘সোনার বাংলা’ হয়ে উঠবে বলেও আশাবাদী অভিনেতা। তৃণমূল শাসনকালে টলিউডের একাধিক তারকাকে রাজনীতির মঞ্চে দেখা গিয়েছে। সরকারি অনুষ্ঠানেও উজ্জ্বলতা বাড়াতেন তারকারা। তবে জিৎ বরাবরই থেকেছেন আড়ালে। একাধিক ইস্যুতে টলিউডের মিটিং হলেও সেখানে দেখা যায়নি অভিনেতাকে। বিজেপি ক্ষমতায় আসতেই তাঁর ঘন ঘন পোস্ট বা মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়া প্রশ্ন জাগাচ্ছে— তবে কি দেবের মতো সরাসরি রাজনীতির মঞ্চে দেখা যাবে জিৎকেও?
  • Link to this news (বর্তমান)