• বিজয় ও রাহুলের রিল ‘ব্লক’! কেন্দ্রের বিরুদ্ধে অনৈতিক হস্তক্ষেপ অভিযোগ কংগ্রেসের, পাল্টা জবাব মন্ত্রকের
    এই সময় | ১১ মে ২০২৬
  • বিজয়ের শপথ ঘিরে এ বার সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস-বিজেপি ধুন্ধুমার। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয় ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে নিয়ে তৈরি একটি ইনস্টাগ্রাম রিল ঘিরে নতুন করে ছড়িয়েছে রাজনৈতিক বিতর্ক। কংগ্রেসের অভিযোগ, রাহুল গান্ধীর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ট্যাগ করা ওই রিল ‘ব্লক’ করা হয়েছে। তাঁদের দাবি, কেন্দ্রের অঙুলিহেলনেই এই কাজ করা হয়েছে। তবে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (Ministry of Electronics and Information Technology) সেই অভিযোগ পুরোপুরি খারিজ করেছে।

    দীর্ঘ টানাপোড়েন ও নাটক শেষে রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিজয়। জোটসঙ্গী কংগ্রেসের প্রতিনিধি হিসেবে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী। তাঁদের সাক্ষাৎ ও শপথের টুকরো দৃশ্য নিয়েই তৈরি একটি রিল পোস্ট করা হয়েছিল কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডল থেকে। সেই রিলকে কেন্দ্র করেই বিতর্ক। রিলটি কিছুক্ষণের মধ্যেই ব্লক করে দেওয়া হয় বলে অভিযোগ।

    কংগ্রেস সূত্রে দাবি, তামিলনাড়ুর রাজনীতিতে TVK-র মহারাজকীয় উত্থান এবং বিজয়ের সঙ্গে রাহুল গান্ধীর ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক সামনে আসার পরেই এই পদক্ষেপ করা হয়েছে। ইনস্টাগ্রামে পোস্ট করা রিলটিতে রাহুল গান্ধী ও বিজয়ের একাধিক মুহূর্ত তুলে ধরা হয়েছিল। কিন্তু পরে রিলটি ব্যবহারকারী দেখতে পাচ্ছিলেন না, সেই পোস্টে ‘restricted due to legal requirements’ ধরনের বার্তা দেখাচ্ছে। এই নিয়েই সরব হয় কংগ্রেস।

    হাত শিবিরের দাবি, বিরোধী নেতাদের কণ্ঠরোধ করতে এবং সোশ্যাল মিডিয়ায় তাদের জনপ্রিয়তা ও রিচ কমাতে কেন্দ্র বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের উপর চাপ সৃষ্টি করছে। দলের একাংশের দাবি, তামিলনাড়ুতে বিজয়ের জনপ্রিয়তা এবং রাহুল গান্ধীর সঙ্গে তাঁর রাজনৈতিক বোঝাপড়া বিজেপির অস্বস্তির কারণ হয়ে উঠেছে।

    অন্যদিকে, কেন্দ্রীয় সরকার দ্রুত এই অভিযোগ অস্বীকার করে জানায়, ওই পোস্ট ব্লক বা সরানোর জন্য তারা কোনও নির্দেশ দেয়নি। মন্ত্রকের দাবি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি তাদের নিজস্ব নীতি ও আইনি কাঠামোর ভিত্তিতে কনটেন্ট সীমাবদ্ধ করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে সরকারের তরফে কোনও হস্তক্ষেপ করা হয়নি। একইসঙ্গে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) তরফে দাবি, ইনস্টাগ্রামের অভ্যন্তরীণ সিস্টেম ভুলবশত পোস্টটিকে ব্লক করার জন্য চিহ্নিত করেছিল। তবে এখন পুনরুদ্ধার হয়েছে।

    এক্স-এ করা একটি পোস্টে কংগ্রেস নেতা ও গান্ধীর সহযোগী শ্রীভাৎসা দাবি করেন যে, ‘ইনস্টাগ্রাম শপথগ্রহণ অনুষ্ঠানে রাহুল ও বিজয়কে নিয়ে করা রিল এবং ছবির পোস্টটি ব্লক করে দিয়েছিল।’ এখানেই শেষ নয়, কংগ্রেস নেতা শ্রীভাৎসার অভিযোগ, বহুদিন ধরেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর এক্স, ইউটিউব ও ইনস্টা ফলোয়ার কমানোর জন্য কলকাঠি নাড়ছে কেন্দ্রের বিজেপি সরকার।

    ব্লকের আগে ভাইরাল রিলটি এক ঘণ্টারও কম সময়ে ১ কোটি ২০ লক্ষ ভিউ পেয়েছিল, অন্যদিকে ভাইরাল হওয়া ছবির পোস্টটি ইতিমধ্যেই ৪ কোটি ৬০ লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছিল বলে জানিয়েছেন শ্রীভাৎসা।

  • Link to this news (এই সময়)