এই সময়, মালদা: প্রায় ১৫ বছর ধরে এলাকার ২৪ বিঘা দেবত্র সম্পত্তির দখল করে রাখার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সরকার পরিবর্তন হতেই সেই সম্পত্তি স্থানীয়দের সাহায্য নিয়ে উদ্ধারে নামল বিজেপি নেতৃত্ব। রবিবার সকাল থেকে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় ইংরেজবাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাগবাড়ি বাহান্ন বিঘা এলাকায়। সংশ্লিষ্ট এলাকার গ্রামবাসীদের নিয়ে তৃণমূলের পার্টি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। এই পরিস্থিতিতে তৃণমূলেরও এলাকার কিছু কর্মী জমায়েত হতে শুরু করেন। খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছয় ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিজেপির অভিযোগ, প্রায় ২৪ বিঘা দেবত্র সম্পত্তি দখল করে রেখেছেন তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সদস্য বিশ্বজিৎ সেন ও তাঁর দলবল।
ওই জায়গায় পার্টি অফিসের নামে জুয়া ও মদের আসর বসানো হচ্ছে। কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপির বাহান্ন বিঘা বুথ কমিটির কর্মকর্তা সমীর মণ্ডল, দিলীপ পাল বলেন, 'তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই এলাকার শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরের অধীনে থাকা প্রায় ২৪ বিঘা দেবত্র সম্পত্তি বিশ্বজিৎ সেন-সহ কয়েকজন দখল করে নেন। সেখানে তৃণমূলের কার্যালয় তৈরি করা হয়েছে। তলে তলে দেবত্রর সম্পত্তির প্লট করে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতদিন তৃণমূল ক্ষমতায় থাকায় ভয়ে সাধারণ গ্রামবাসীরা মুখ খুলতে পারেননি। আমরা এ নিয়ে বেশ কয়েকবার প্রশাসনকে অভিযোগ জানিয়েছি। কিন্তু কিছু লাভ হয়নি।' এবার সরকারের বদল হতেই ওই সম্পত্তি দখল মুক্ত করতে উঠেপড়ে লেগেছে বিজেপি।
যদিও বিশ্বজিৎ বলেন, 'আমরা কোনও দেবত্র সম্পত্তি দখল করিনি। এই জায়গাটি সংশ্লিষ্ট এলাকার এক ইটভাটা মালিকের বলেই জানি। সেই ভাটার মালিকের কাছ থেকে লিজ নিয়েই এখানে তৃণমূলের পার্টি অফিস গড়ে তোলা হয়েছিল।' ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, ওই জমির সমস্ত কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। কোনও বেআইনি দখল হলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।