হাওড়ার বেলুড় থানা এলাকায় পথ দুর্ঘটনা। সোমবার ভোরে রামলোচন সাহা রোডে ছয় চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দেওয়ালে ধাক্কা মারে। সেই পাঁচিল ভেঙে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। মৃতের নাম লালমণি মিশ্র (৬৪)। পুরো ঘটনা ধরা পড়েছে এলাকার সিসিটিভি ক্যামেরায়। সেই ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, ভোর পাঁচটা নাগাদ ওই বৃদ্ধা ফুল তুলতে বেরিয়েছিলেন। বাড়ির কাছের রাস্তা দিয়েই তিনি হাঁটছিলেন। সেই সময়ে একটি ছয় চাকার লরির চালক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যার জেরে লরি রাস্তার ধারের একটি পাঁচিলে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বৃদ্ধা সেই পাঁচিলের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বেলুড়ের টি এল জয়সওয়াল হাসপাতালে নিয়ে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে খবর দেওয়া হয় বেলুড় থানায়।
ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক লরির চালক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে আটক করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান অত্যন্ত দ্রুত গতির কারণেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে খতিয়ে দেখা হচ্ছে বাকি দিকগুলিও।