• মায়ের উপস্থিত বুদ্ধিতে বিফলে অপহরণের ছক
    এই সময় | ১১ মে ২০২৬
  • এই সময়, কালনা: বাড়ির দুয়ারে এসে মোটরবাইক থামিয়েছিল এক অপরিচিত যুবক। অনবরত হর্ন বাজিয়ে শিশুর মাকে ডেকে সে জানায়, চায়ের দোকানে থাকা শিশুটির বাবা তাকে পাঠিয়েছে ছেলেকে নিয়ে যাওয়ার জন্য। এমনকী পরিবারের আস্থা জিততে বাবার ডাকনামও ব্যবহার করে সে। তবে মায়ের উপস্থিত বুদ্ধির কাছে শেষ রক্ষা হলো না। সন্দেহ হওয়ায় স্বামীকে ফোন করতেই পর্দাফাঁস হয়ে যায় সেই ছকের। ঘটনাটি ঘটেছে কালনার বাদলার সিঙ্গারকোণ এলাকায়।

    সাড়ে তিন বছরের শিশুপুত্রটির বাবা শৌভিক গোস্বামী জানান, শনিবার রাত পৌনে ৯টা নাগাদ তিনি যখন স্থানীয় চায়ের দোকানে আড্ডায় ব্যস্ত ছিলেন, ঠিক তখনই এক যুবক তাঁর বাড়িতে হানা দেয়। শৌভিকের স্ত্রী তাকে অপেক্ষা করতে বলে ঘরের ভিতরে ঢুকে স্বামীকে ফোন করেন। আর তখনই শৌভিক স্পষ্ট জানান, তিনি কাউকে পাঠাননি। বিষয়টি বুঝতে পেরে বিপদ বুঝে তৎক্ষণাৎ বাইক নিয়ে চম্পট দেয় ওই যুবক।

    শৌভিকবাবুর দাবি, 'চক্রটি সম্ভবত আমার সব তথ্য আগে থেকেই জোগাড় করেছিল। আমার স্ত্রী তৎক্ষণাৎ ফোন না-করলে বড়সড় বিপদ ঘটতে পারত।' এই ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। রবিবার বৈদ্যপুর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন শিশুর বাবা। পুলিশ তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত যুবকের খোঁজ চালানো হচ্ছে।

  • Link to this news (এই সময়)