• এসসি সার্টিফিকেটে দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার বার্তা মন্ত্রীর
    এই সময় | ১১ মে ২০২৬
  • এই সময়, বাঁকুড়া: রাজ্যে বিজেপি সরকারের পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে বাঁকুড়ায় পা রেখেই ভুয়ো তফসিলি শংসাপত্র ও অন্য দুর্নীতি নিয়ে কড়া ব্যবস্থার বার্তা দিলেন রানিবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু। সেই সঙ্গেই জেলার উন্নয়নে একগুচ্ছ পদক্ষেপের কথাও বলেছেন তিনি।

    রবিবার দুপুরে বাঁকুড়া শহরের নতুনগঞ্জে বিজেপির জেলা দপ্তরে যান তিনি। তাঁকে ঘিরে উচ্ছ্বাসে মাতেন দলের নেতা, কর্মী, সমর্থকরা। জেলা কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হয় মন্ত্রীকে। পরে হাতিরামপুর, সুপুর, খাতড়া ও রানিবাঁধে সংবর্ধনা জানানো হয় তাঁকে।

    বাঁকুড়ায় বিজেপির জেলা দপ্তরে ক্ষুদিরাম সাংবাদিকদের বলেন, 'প্রচুর ফেক এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। ভুয়ো শংসাপত্রের ভিত্তিতে যাঁরা সরকারি সুবিধা ভোগ করছেন, তাঁদের সুবিধা বাতিল করা হবে। ফেক এসটি সার্টিফিকেট নিয়ে যাঁরা চাকরি করছেন এবং পড়াশোনা করছেন, তদন্ত করে তাঁদের সেই সার্টিফিকেটগুলি খারিজ করা হবে।' তিনি আরও বলেন, 'তদন্তে যে সব অফিসার দোষী সাব্যস্ত হবেন, যাঁরা এই সার্টিফিকেট ইস্যুতে মদত দিয়েছেন, তাঁদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।' আগের সরকারের আমলে জঙ্গলমহলে দুর্নীতিরও তদন্ত হবে বলে জানান ক্ষুদিরাম।

    উন্নয়নের কথাও বলেছেন তিনি। ক্ষুদিরাম বলেন, 'বাঁকুড়া পিছিয়ে থাকা জেলা। আমাদের প্রথম কাজ হবে এই জেলার উন্নয়ন, জঙ্গলমহলের উন্নয়ন। রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা-সহ সব ক্ষেত্রেই উন্নয়ন ঘটানো হবে। রাজ্যে এসএসসি চালু হবে। আমরা শিক্ষক নিয়োগ করব। এলাকায় বন্ধ হয়ে থাকা আদিবাসী হস্টেলগুলি চালু করব।' এ দিন মন্ত্রী এ কথাও বলেন, 'এটা বিজেপির ডাবল ইঞ্জিন সরকার। এটা অন্য কোনও সরকার নয়। আমরা উত্তরপ্রদেশের আদলে পশ্চিমবঙ্গ চালাব।'

  • Link to this news (এই সময়)