নবান্নতে নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দুকে 'গার্ড অফ অনার'
আজকাল | ১১ মে ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: শনিবার রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে, এবং বঙ্গে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শপথ নিয়েই একগুচ্ছ কর্মসূচি সেরে ঘরের ছেলে ঘরে ফিরেছিলেন, মায়ের কাছে। ফের মেদিনীপুর টু কলকাতা। সোমবার সকাল থেকে পুনরায় একের পর এক কর্মসূচি। সেসবের মাঝেই পূর্বপরিকল্পিত সূচি মেনেই, নবান্নতে উপস্থিত নয়া মুখ্যমন্ত্রী।
সল্টলেকের গেরুয়া শিবিরের কার্যালয় থেকে তিনি পৌঁছন নবান্নতে। সেখানেই তাঁকে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে 'গার্ড অফ অনার' দেওয়া হয়। তারপরেই রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ইতিমধ্যেই বৈঠকের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। তাতে তিনি লিখেছেন, 'আজ রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে রাজ্যের আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক পরিস্থিতি খতিয়ে দেখার উদ্দেশ্যে মুখ্যসচিব শ্রী দুষ্মন্ত নারিয়ালা (IAS), স্বরাষ্ট্রসচিব শ্রীমতী সঙ্ঘামিত্রা ঘোষ (IAS), রাজ্যের ডিজিপি শ্রী সিদ্ধিনাথ গুপ্ত (IPS) এবং কলকাতার পুলিশ কমিশনার শ্রী অজয় নন্দ (IPS)-এর সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করলাম।
পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিকের নিরাপত্তা, সুশাসন ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।দায়িত্বশীল, স্বচ্ছ ও জনমুখী প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে আমাদের সরকার অঙ্গীকারবদ্ধ।
রাজ্যের জনগণের নিরাপত্তা ও শান্তি সুনিশ্চিত করাই প্রাথমিকভাবে সরকারের অগ্রাধিকার।'
একই সঙ্গে উল্লেখ্য, নতুন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে সোমবার সল্টলেক পার্টি অফিসকে বিশেষভাবে সাজিয়ে তোলা হয়। দলের নেতা-কর্মীদের মধ্যেও ব্যাপক উন্মাদনা চোখে পড়ে। দলীয় দপ্তরের কর্মসূচি সেরে তিনি নবান্নে যাবেন, যেখানে মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর প্রথম সোমবারের ঠাসা কর্মসূচি রয়েছে। প্রশাসনিক মহলের নজর এখন নবান্নের সেই বৈঠকগুলির দিকেই।