• স্বাস্থ্যসাথী বন্ধ হয়ে যাচ্ছে? কী জানালেন শুভেন্দু
    আজকাল | ১১ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সোমবারের রাজ্যের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক হল। এদিনের বৈঠকে নানা বিষয়ে আলোচনা করেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করে নতুন পাঁচ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। সেই বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, “চালু থাকা কোনও সামাজিক প্রকল্প এই সরকার বন্ধ করছে না।”

    সোমবারের মন্ত্রিসভার বৈঠকে সীমান্ত সুরক্ষা, সরকারি চাকরিপ্রার্থীদের বয়স ছাড়াও নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান, সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর হাতে তুলে দেবে পশ্চিমবঙ্গ সরকার। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর সঙ্গে যুক্ত করা হল পশ্চিমবঙ্গকে। এছাড়াও, সরকারি চাকরিপ্রার্থীদের আবেদনের বয়ঃসীমা পাঁচ বছর বৃদ্ধি করেছে নতুন রাজ্য সরকার। 

    এরপরেই শুভেন্দু জানান, রাজ্যে চালু থাকা কোনও প্রকল্প বন্ধ হচ্ছে না। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন স্বাস্থ্যসাথীর প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে কি না? সেই উত্তরে শুভেন্দু আবার বলেন, “কোনও চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। আমরা প্রচার চলাকালীনও এই কথা বলেছি। ৩০ বছর হোক বা ১০ বছর হোক, চালু থাকা কোনও প্রকল্প বন্ধ করা হচ্ছে না। আমরা পেপারলেস অফিসও করব, সব পোর্টালগুলিকে আপগ্রেড করা হবে। সব উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার (ডিভিটি)-র মাধ্যমে। গোটা বিষয়টি হবে স্বচ্ছতা বজায় রেখে।”

    এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় সমস্ত প্রকল্প যেমন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী কৃষক বিমা যোজনা, পিএম শ্রী, বিশ্বকর্মা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা যোজনা-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। জেলাশাসকদের দ্রুত কেন্দ্রের কাছে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে ফের মন্ত্রিসভার বৈঠক রয়েছে। ওই দিনের বৈঠকে আরজি কর-সহ নারী নির্যাতন, পে কমিশন, মহার্ঘ ভাতা (ডিএ), প্রাতিষ্ঠানিক-দুর্নীতি-সহ একাধিক বিষয়ে আলোচনা করা হবে।

    গত শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে শুভেন্দু। সোমবার নবান্নে আসেন নতুন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁকে পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়। এরপরেই বৈঠক সারেন তিনি। 
  • Link to this news (আজকাল)