লক্ষ্মীর ভাণ্ডারের ভবিষ্যৎ কী? শুভেন্দু যা বললেন...
আজকাল | ১১ মে ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: নয়া সরকার। নিয়মও কি নয়া? কী হবে আগের সরকারের একগুচ্ছ প্রকল্পের? রাজ্যে তৃণমূল জমানার ইতি ঘটতেই প্রশ্ন ঘুরছে গ্রাম থেকে শহরে। প্রশ্ন লক্ষ্মীর ভাণ্ডার থেকে যুবসাথী সব প্রকল্প নিয়েই। অন্যদিকে, ইশতেহারে বিজেপি আগেই বলেছিল, ক্ষমতায় এলেই, লক্ষ্মীর ভাণ্ডারের দ্বিগুণ অর্থের অন্নপূর্ণা ভাণ্ডার দেবে। সেক্ষেত্রেই বা কী হবে নিয়ম? প্রশ্ন ঘুরছিল তা নিয়েও।
সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকের পরেই সাফ বার্তা দিয়ে দিলেন। বলেন, 'চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। ৩০ বছর আগের হতে পারে, ১০ বছর আগের হতে পারে, আমরা কিছু বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, সব পোর্টালগুলিকে আপগ্রেড করা হবে। সব উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার (ডিভিটি)-র মাধ্যমে।' তিনি জানিয়ে দেন, এই সরকার সমস্ত কিছুই চালু রাখবে, স্বচ্ছতার সঙ্গেই।
এই প্রসঙ্গে উল্লেখ্য, লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গ। কী এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প? বাংলার রাজনীতি সচেতন মানুষ মনে করেন, ২০২১-এ তৃণমূল কংগ্রেসের জন্য এই প্রকল্প মূলত গেম চেঞ্জার ছিল। গত বিধানসভা ভোটের আগে, মহিলাদের মাসিক একটি অঙ্কের আর্থিক সুবিধার প্রতিশ্রুতি দেয় তৃণমূল কংগ্রেস। বিপুল ভোটে জয়লাভের পর, সেই প্রতিশ্রুতি পূরণও করে। গত পাঁচ বছরে রাজ্যের মহিলাদের জন্য দেওয়া এই মাসিক ভাতার পরিমাণও বেড়েছে ধাপে ধাপে।
এই প্রকল্পের সূচনার সময়, সাধারণ জাতির মহিলারা মাসিক ৫০০ টাকা, তপশিলি মহিলারা মাসিক ৭০০ টাকা করে পেতেন। বর্তমানে সেই পরিমাণ বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১৫০০ এবং ১৭০০টাকা।
প্রথম মন্ত্রিসভার বৈঠকে কোন কোন সিদ্ধান্ত নিল শুভেন্দু-ক্যাবিনেট-