লক্ষ্মীর ভাণ্ডার-যুবসাথীর টাকা বন্ধ হয়ে যাবে? সিদ্ধান্ত জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
আজ তক | ১১ মে ২০২৬
তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে রাজ্যে ক্ষমতায় এসেছে BJP। তাদের ইশতেহার অনুযায়ী, রাজ্যে এবার চালু হতে চলেছে একাধিক নয়া প্রকল্প। তবে সেক্ষেত্রে কি পুরনো সরকারের চালু থাকা প্রকল্পগুলি বন্ধ হয়ে যাবে? আর মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথীর টাকা?
সোমবার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরই বড় সিদ্ধান্ত নিলেন শুভেন্দু অধিকারী। এদিন নবান্নের ১৪ তলায় ক্যাবিনেট বৈঠক করেন তিনি। মিটিং শেষে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যে চলা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না।
শুভেন্দু বলেন, 'চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। প্রচারের সময়েও জানানো হয়ছিল। ৩০ বছর আগের হোক বা ১০ বছর আগের, কোনও প্রকল্পই বন্ধ করা হচ্ছে না।' মুখ্যমন্ত্রীর সংযোজন, 'আমরা পেপারলেস অফিস করব। সমস্ত পোর্টালগুলি আপডেট করা হবে। সকল উপভোক্তা DBT-র মাধ্যমে টাকা পাবেন। সবটাই হবে স্বচ্ছতার সঙ্গে। তবে কোনও মৃত ব্যক্তি সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না। কোনও অ-ভারতীয় এই ধরনের স্কিমের টাকা পেতে পারেন না।'
উল্লেখ্য, তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন রাজ্যর মহিলাদের জন্য 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প চালু করে। বর্তমানে এই প্রকল্পে মাসে মাসে দেড় হাজার টাকা করে পান মহিলারা। একইসঙ্গে বেকার যুবক-যুবতীদের জন্য রয়েছে মাসে দেড় হাজার টাকা ভাতা। নিজেদের সংকল্পপত্রে এই টাকাই বাড়িয়ে দ্বিগুণ করার কথা বলেছিল BJP। ক্ষমতায় আসার পর সেই প্রকল্পও চালু করবে তারা। সেই অনুযায়ী, প্রতি মাসে ৩,০০০ টাকা পাওয়ার কথা অন্নপূর্ণা ভাণ্ডারে। বেকার ভাতাও দেওয়া হবে দেড় হাজার টাকা করে।
যদিও নয়া সরকার এখনও নিজেদের কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের ঘোষণা করেনি। শুভেন্দু জানিয়েছেন, আগামী সোমবার ফের ক্যাবিনেট বসবে। সেক্ষেত্রে পরের মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা পাওয়ার যাবে বলেই আশাবাদী সাধারণ মানুষ।