• সিন্ডিকেট ও গরু পাচার রুখতে সক্রিয় নয়া সরকার, কড়া নির্দেশ এসপিদের
    দৈনিক স্টেটসম্যান | ১১ মে ২০২৬
  • রাজ্যে পালাবদলের পর প্রশাসনিক কাজকর্মে দ্রুত সক্রিয় হয়ে উঠেছে নতুন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক। তার আগেই প্রশাসনের উদ্দেশে কড়া বার্তা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

    নবান্ন সূত্রে জানা গিয়েছে, সিন্ডিকেট রাজ, গরু পাচার ও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলার পুলিশ সুপারদের। স্পষ্ট জানানো হয়েছে, কোনোভাবেই এই ধরনের দুর্নীতি বা অপরাধমূলক কাজ বরদাস্ত করা হবে না। সরকার বদলের পর থেকেই প্রশাসনিক মহলে তৎপরতা বেড়েছে।

    সোমবার সকাল ১১টা নাগাদ নবান্নে নতুন সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সেখানে গার্ড অফ অনার দেওয়া হয়েছে। শুধু মন্ত্রিসভার বৈঠকই নয়, দিনভর একাধিক প্রশাসনিক বৈঠকও ছিল তাঁর। প্রথমে রাজ্যের বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এরপর জেলাশাসকদের সঙ্গে প্রশাসনিক আলোচনা করেন।

    সূত্রের খবর, আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে একাধিক নতুন নির্দেশিকা জারি হতে পারে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিবালয় তথা সিএমও দপ্তরেও ইতিমধ্যে বেশ কিছু রদবদল শুরু হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)