বিএসএফকে জমি, আজ থেকেই আয়ুষ্মান ভারত, মন্ত্রীসভা থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
দৈনিক স্টেটসম্যান | ১১ মে ২০২৬
নবান্নে সোমবার নতুন সরকারের প্রথম মন্ত্রীসভার বৈঠকে সভাপতিত্ব করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন নবনির্বাচিত পাঁচ মন্ত্রী এবং রাজ্যের শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু জানান, নতুন সরকারের লক্ষ্য হবে দলমত নির্বিশেষে রাজ্যের সকল মানুষের জন্য কাজ করা। তিনি বলেন, ‘ডবল ইঞ্জিন সরকার বাংলার উন্নয়ন ও প্রশাসনিক স্বচ্ছতাকে অগ্রাধিকার দেবে।‘
প্রথম মন্ত্রীসভা বৈঠকে মোট ছ’টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। শুরুতেই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্য ভোটকর্মী, গণনাকর্মী, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং সমস্ত রাজনৈতিক দল ও প্রার্থীদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি সরকার গঠনের পথে প্রাণ হারানো ৩২১ জনের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
সীমান্ত নিরাপত্তা জোরদার করতে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর কথাও ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে। প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর এবং বিএসএফ-কে আমরা জমি হস্তান্তরে অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হল। ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর হাতে প্রয়োজনীয় জমি তুলে দেওয়া হবে।’
মুখ্যমন্ত্রী আরও জানান, এবার থেকে রাজ্যের আইএএস ও আইপিএস আধিকারিকরা কেন্দ্রীয় প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। একই সঙ্গে রাজ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্ত মামলায় ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী বিচার প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি চাকরির আবেদনকারীদের বয়সসীমাও পাঁচ বছর বৃদ্ধি করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছিলেন, ২০১৫ সালের পর রাজ্যে সরকারি চাকরিতে কোনও নিয়োগ হয়নি। তাই প্রচুর শিক্ষিত যুবক-যুবতীর বয়স চলে গিয়েছে। সে কথা মাথায় রেখে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পাঁচ বছর বৃদ্ধি করা হল।’
চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। মন্ত্রীসভার প্রথম বৈঠকের পর এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগে চালু থাকা সমস্ত প্রকল্প থাকবে। তবে অভারতীয় বা মৃত কেউ এই সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন না বলে জানান তিনি। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী কৃষক বিমা যোজনা, পিএম শ্রী, বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা যোজনা-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে সক্রিয় ভাবে যুক্ত করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। জেলাশাসকদের দ্রুত সমস্ত আবেদন কেন্দ্রীয় মন্ত্রকে পাঠানোর নির্দেশ দিয়েছে রাজ্য মন্ত্রীসভা।