• আবার ইডি দপ্তরে হাজিলা দিলেন সুজিত বসু
    দৈনিক স্টেটসম্যান | ১১ মে ২০২৬
  • পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সোমবার আবার ইডির দপ্তরে  হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। ভোটের ফল প্রকাশের পর এই প্রথম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকে সাড়া দিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী এবং পুত্র সমুদ্র বসু।

    ইডি সূত্রে জানা গিয়েছে, পুরনিয়োগ দুর্নীতি সংক্রান্ত তদন্তে কিছু তথ্য যাচাই এবং জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে তলব করা হয়েছে। এর আগে গত ১ মে-ও সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন সুজিত। তবে ভোটের প্রচার ও নির্বাচনী কাজে ব্যস্ত থাকার কারণে একাধিকবার তলব এড়িয়েছিলেন তিনি। পরে আদালতে সেই কারণ জানানো হলে, আদালতের নির্দেশ মেনেই তদন্তে সহযোগিতা করতে হাজিরা দেন।

    এর আগেও সুজিত বসুর বাড়ি, অফিস এবং তাঁদের পরিবারের ধাবায় তল্লাশি চালিয়েছিল ইডি। শুধু তাই নয়, তাঁর পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। পুত্র সমুদ্র বসুসহ কয়েক জনের বয়ানও রেকর্ড করে তদন্তকারীরা।

    বারবার তলবের মুখে সুজিত দাবি করেছিলেন, যে মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেই মামলায় ইতিমধ্যেই সিবিআই চার্জশিট জমা দিয়েছে। তবে সেই চার্জশিটে তাঁর নাম নেই বলেও তিনি দাবি করেন। তা সত্ত্বেও তদন্তের স্বার্থে ইডি ধারাবাহিকভাবে তথ্য সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)