• ‘ওসামা-ওয়েইসিতে কোনও পার্থক্য নেই’, মিমকে ‘জঙ্গি সংগঠন’ বলে আক্রমণ মহারাষ্ট্রের মন্ত্রীর
    প্রতিদিন | ১১ মে ২০২৬
  • হাদরাবাদের মুসলিম নেতা আসাদউদ্দিন ওয়েইসি ও তাঁর দলকে তীব্র আক্রমণ বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নিতেশ রানের। ওয়েইসির দল এআইএমআইএম (AIMIM)-কে জঙ্গি সংগঠন বলে তোপ দেগে দলটিকে নিষিদ্ধ করার দাবি তুললেন তিনি। শুধু তাই নয়, আল-কায়দা জঙ্গি মৃত ওসামা বিন লাদেনের সঙ্গে আসাদউদ্দিন ওয়েইসির তুলনা টেনে রানের কটাক্ষ, ‘ওসামা ও ওয়েইসিতে কোনও পার্থক্য নেই।’

    নাসিকের টাটা কনসালটেন্সি সার্ভিসের (টিসিএস) ধর্মান্তকরণ কাণ্ডে মূল অভিযুক্ত নিদা খানকে সম্প্রতি গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে জানা গিয়েছে, এই নিদা ও তাঁর পরিবারকে আশ্রয় দিয়েছিলেন ওয়েইসির দলের এক কাউন্সিলর। ঘটনা সামনে আসতেই ওয়েইসি ও তাঁর দলের বিরুদ্ধে সুর চড়ান মহারাষ্ট্রের মন্ত্রী নিতেশ রানে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এআইএমআইএম একটি জঙ্গি সংগঠন। বিন লাদেন ও ওয়াইসির মধ্যে কোনও পার্থক্য নেই। লাদেন আল-কায়দার সাহায্যে যে কাজ করেছিল, ওয়েইসি এখন এআইএমআইএম-এর মাধ্যমে সেই একই কাজ করছেন।”

    ওয়েইসিকে তোপ দেগে রানে আরও বলেন, “আপনারা বলুন, সাংসদ হওয়ার পর ওয়েইসি কী এমন মহৎ কাজ করেছেন? উনি শুধু জেহাদই করেন। ওনার নির্বাচনী ইস্তেহারে একটাই কথা লেখা, আমরা শুধু জেহাদ করব। ফলে ঠিক যেভাবে আমরা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-কে নিষিদ্ধ করেছি, ঠিক একইভাবে এই দলটিকেও নিষিদ্ধ করা উচিত। এই দলটিও একটি সন্ত্রাসী সংগঠন।”

    উল্লেখ্য, নাসিকের টাটা কনসালটেন্সি সার্ভিসের (টিসিএস) ধর্মান্তকরণ কাণ্ডে এতদিন গা ঢাকা দিয়ে থাকার পর অবশেষে গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত নিদা খানকে। বৃহস্পতিবার রাতে মহারাষ্ট্রের শম্ভাজিনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। নাসিক এসআইটি, ছত্রপতি শম্ভাজিনগর ক্রাইম ব্রাঞ্চ এবং ছত্রপতি শম্ভাজিনগর পুলিশ কমিশনারের যৌথ অভিযানের গ্রেপ্তার হন নিদা খান। গ্রেপ্তার পর তাঁকে নাসিকে নিয়ে যাওয়া হয়েছে। তদন্তে জানা গিয়েছে, এই নিদা ও তাঁর পরিবারকে পুলিশের থেকে রক্ষা করতে লুকিয়ে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন মিম কাউন্সিলর মতিন প্যাটেল। তাঁর বিরুদ্ধেও দায়ের হয়েছে মামলা। এই ঘটনার প্রেক্ষিতে এবার ওয়েইসিকে দুষলেন মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রী।
  • Link to this news (প্রতিদিন)